চ্যাম্পিয়নস ট্রফির আগে ধাক্কাই খেলো লঙ্কান ম্যানেজমেন্ট। অনেকটা রাগে-ক্ষোভেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভা। বৃহস্পতিবার বোর্ডের কাছে কোনও ব্যাখ্যা ছাড়াই পদত্যাগ পত্র জমা দেন তিনি।
আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনও কথা না বললেও বোর্ড সূত্রে জানা গেছে, ক্ষোভটা জমা ছিল আগেই! কারণ বেশ কিছু সিদ্ধান্ত এই কমিটিকে না জানিয়েই নিয়েছিল বোর্ডের শীর্ষ কর্তারা।
অথচ এই কমিটির সুপারিশেই ক্রিকেট বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আসছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার পরামর্শেই কোচিং বিভাগকে আরও আধুনিক করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। যা প্রশংসাও কুড়িয়েছিল সবার।
২০০৩ সালে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর এসএলসির সঙ্গে যুক্ত হয়ে পড়েন ডি সিলভা। বিশেষ করে নির্বাচক কমিটির প্রধান ও ক্রিকেট কমিটির প্রধান হিসেবেই দায়িত্ব পালন করেন।-ক্রিকবাজ
/এফআইআর/








