প্রথম প্রস্তুতিতে ব্যাটিং আগ্রাসনের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও আগ্রাসন ধরে খেলেছে বাংলাদেশ। হোভে টস হেরে ব্যাট করে সাসেক্স একাদশের বিপক্ষে ৯ উইকেটে ৩১৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। মজার বিষয় হলো আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেই খেলেছেন শফিউল ও মাহমুদউল্লাহ!
টসে হারলেও শুরু থেকে আগ্রাসী ছিল বাংলাদেশ। যাতে উড়ন্ত সূচনা এনে দেন ওপেসার ইমরুল। যদিও ৬ রানে ফিরে যান আগের দিন দুর্দান্ত খেলা সৌম্য সরকার। এরপর সাব্বিরকে সঙ্গে নিয়ে এগিয়ে নেন ইনিংস। ৪৫ বলেই পূরণ করেন হাফসেঞ্চুরি। বাংলাদেশ শত রান পূরণ করে ১৮তম ওভারেই।
ইমরুলের মতো হাফসেঞ্চুরি করেন সাব্বির রহমানও। যদিও ব্যক্তিগত ৫২ রানে তাকে তালুবন্দি করেন ডাউবার্ন। দুর্দান্ত খেলা ইমরুল অবশ্য ৯২ রানে রিটায়ার্ড আউট হয়ে যান। বাকিদের খেলার সুযোগ দিতেই সেঞ্চুরি পূরণ করা হয়নি ইমরুলের। তার ৭৮ বলের আগ্রাসী ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছয়। ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিক অবশ্য এদিন ৪০ রানেই ফিরে যেতে বাধ্য হন। আগের দিন সেঞ্চুরি করে আলো ছড়ালেও এদিন আর বেশি দূর এগোতে পারেননি। নাসির এই ম্যাচে মাত্র ৬ রানেই ফেরেন সাজঘরে।
২১৬ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস বড় ভিত্তি পায় সোহান ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে। সোহান ২৭ রানে ফিরে যান সাজঘরে। আর ৩০০ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে হাফসেঞ্চুরি করেন স্পিন অলরাউন্ডার মিরাজ। ৫২ বলে এই রান পূরণে মেহেদী মারেন ৪টি চার ও ২টি ছয়। শেষ পর্যন্ত মেহেদীর অপরাজিত ৬০ রানে ৯ উইকেটে ৩১৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। মেহেদীর ৫৫ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।
/এফআইআর/








