আইপিএলের আগের আসরে সানরাইজার্স হায়দরাবাদের অপরিহার্য খেলোয়াড় ছিলেন মুস্তাফিজুর রহমান। দলকে প্রথম শিরোপা জেতাতে তার অবদান অনস্বীকার্য। ৬.৯ ইকোনমি রেটে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। হয়েছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। অথচ পরের আসরেই বদলে গেল দৃশ্য। দশম আসরে হায়দরাবাদের ম্যাচগুলোতে তাকে দেখতে না পাওয়া ছিল বিস্ময়কর। এবার যে তিনি আকর্ষণীয় পারফরম্যান্স করতেই পারেননি। মাত্র এক ম্যাচ খেলে বাদ পড়েছেন মুস্তাফিজ। আর আইপিএলে তাকে খেলতে না দেখে বিস্ময় ধরে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।
হায়দরাবাদের সাবেক তারকা স্টেইন গত বছর গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন। প্রতিপক্ষ ক্যাম্পে থেকে মুস্তাফিজের বিস্ফোরক বোলিং দেখেছেন তিনি। কিন্তু এবারের মৌসুমে খেলছেন না প্রোটিয়া পেসার। আর তাই মুস্তাফিজের কী হয়েছে, কেন খেলছেন না এসব জানতে পারেননি তিনি। নিজের কৌতূহল মেটাতে তাই দ্বারস্থ হন টুইটারে। গত শনিবার কোনও এক সময় স্টেইন একটি টুইট পোস্ট করেন, যেখানে তার প্রশ্ন ছিল, ‘শুধু একটা প্রশ্ন। কী হয়েছে দ্য ফিজের? সে কি চোট পেয়েছে?’
স্টেইনের প্রশ্নের সময় আয়ারল্যান্ডের উদ্দেশে বিমানে চেপেছিলেন মুস্তাফিজ ও সাকিব আল হাসান। তবে দক্ষিণ আফ্রিকান তারকার প্রশ্নটি চোখে পড়তেই জবাব দিয়েছেন বাঁহাতি পেসার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এ আসরে মাত্র একটি ম্যাচ খেলে ২.২ ওভারে ৩৪ রান দেওয়া মুস্তাফিজের উত্তর, ‘আমি এখন ভালো। আমাদের ত্রিদেশীয় সিরিজের জন্য এখন আমি জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ডে। আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ।’ সূত্র- টুইটার
/এফএইচএম/








