পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বি-পাক্ষিক সিরিজ নিয়ে ফের শুরু হলো কথার বর্ষণ। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান পাল্টা আঙুল তুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে! বললেন কোনও সমঝোতা নয়, আনুষ্ঠানিক চুক্তিই স্বাক্ষর করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)! যা নিয়ে ইতোমধ্যেই ভারতীয় বোর্ডকে আইনি নোটিশ দিয়েছে পিসিবি। এর উত্তর দিয়ে দিয়েছে বিসিসিআই। এর উত্তরে এভাবেই নিজেদের অবস্থান তুলে ধরলেন শাহরিয়ার খান, ‘ওদের কাছ থেকে আমরা উত্তর পেয়েছি। তবে ওদের দুটি বিষয়ে আপত্তি আছে। যার একটি হলো আসলে ওদের সঙ্গে কোনও সমঝোতা নয়, পুরোপুরি চুক্তিই হয়েছিল।’
শাহরিয়ার খান আরও জানালেন, ‘তিন মোড়ল’ তত্ত্বকে সমর্থন দেওয়াতেই এমনটি করতে রাজি হয়েছিল ভারত। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে বিসিসিআই। এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে বলেই মনে করেন পিসিবি চেয়ারম্যান, ‘লাভবান হবো তখনই যখন এই সিরিজ শেষ হবে। কিন্তু সেটা হচ্ছেই না। আমাদের লোকসানের মুখে ফেলে দিচ্ছে।’
এ নিয়ে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার কথাও বললেন পিসিবি চেয়ারম্যান, ‘আমি স্পষ্ট করেই বলতে চাই, আমরা এটি শক্তভাবেই নিচ্ছি। প্রয়োজনে আইসিসির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবো। কারণ আমরা সঠিক বিচার চাই।’
/এফআইআর/







