ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অষ্টম রাউন্ডের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বৃষ্টি। মঙ্গলবার সব ম্যাচ নিষ্পত্তি হয়েছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। গাজী গ্রুপ তাদের জয়যাত্রা ধরে রেখেছে এবং ৮ ম্যাচের সব জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। তারা শেখ জামাল ধানমন্ডিকে ২৪ রানে হারিয়েছে। টানা হারের পর জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ৩৭ রানে তাদের বিপক্ষে হেরেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ১৭ রানের তৃতীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
গাজী গ্রুপের টানা অষ্টম জয়
বিকেএসপির চার নম্বর মাঠে বৃষ্টিবিঘ্নিত মাচে ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩২ রান করে শেখ জামাল। তানবির হায়দারের ৫৭ রানের ইনিংস ছিল গুরুত্বপূর্ণ। এছাড়া ফজলে রাব্বি ৩৮ ও প্রশান্ত চোপড়া ৩৫ রান করেন। গাজীর মেহেদি হাসান ও আবু হায়দার ২টি করে উইকেট নেন।
লক্ষ্যে নেমে জহুরুলের অপরাজিত ইনিংসে ভালোভাবে এগোতে থাকে গাজী গ্রুপ। মুমিনুল ৪৬ রানে আউট হলেও ৪৯ রানে খেলছিলেন জহুরুল। ২০.৫ ওভারে ২ উইকেটে ১১৪ রান করে দলটি। এরপরই নামে বৃষ্টি। ডাকওয়ার্থ লুইসের হিসাব নিকাশে দেখা গেছে ২০.৫ ওভারে ৯১ রান দরকার ছিল গাজীর।
দুই ওপেনারে জিতল প্রাইম ব্যাংক
নাজমুল ইসলামের বোলিংয়ে মাত্র ৪৬.২ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় পারটেক্স। জনি তালুকদার (৬৯) ও যতীন সাক্সেনা (৪০) পারটেক্সের স্কোরবোর্ডে মূল অবদান রাখেন। প্রাইম ব্যাংকের নাজমুল ৩ উইকেট নেন।
জবাব দিতে নেমে দুই ওপেনার মেহেদী মারুফ ও জাকির হোসেন সহজ জয়ের আভাস দেন। তারা দুজনেই ফিফটিতে অপরাজিত ছিলেন। ২৪ ওভারে ১১৪ রানের জুটি তারা গড়লে নামে বৃষ্টি। এর পর বৃষ্টি আইনে দেখা যায় তাদের টার্গেট ছিল ২৪ ওভারে ৭৮ রান। মারুফ ৫২ ও জাকির ৫৫ রানে অপরাজিত ছিলেন।
ব্রাদার্সের সহজ জয়
কলবাগান ক্রীড়াচক্র আরেকবার ব্যাটিং দুর্দশার মুখোমুখি হয়েছিল। ৪২.২ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় তারা। ব্রাদার্সের বোলার মানবিন্দর বিসলা ৩ ও নিহাদুজ্জামান ২ উইকেট নেন।
জবাবে ২২.২ ওভারে ১ উইকেটে ৮২ রান তোলে ব্রাদার্স। বৃষ্টি আইনে যেখানে এ সময়ে তাদের টার্গেট ছিল ৬৬ রান। জুনায়েদ সিদ্দিকী ৩৮ ও বিসলা ৩১ রানে খেলছিলেন।
/এফএইচএম/








