১২ থেকে ২৪ মে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ডাবলিনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতাকে মূলত চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দেখছে মাশরাফির দল। তবে আরেকটি সম্ভাবনাও জাগাচ্ছে তিন জাতির সিরিজ। টুর্নামেন্টে ভালো করে র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ টাইগারদের সামনে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ সম্ভাবনার কথা জানায় আইসিসি, ‘আগামী ১২ থেকে ২৪ মে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ দিয়ে ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার ভালো সুযোগ পাচ্ছে বাংলাদেশ।’
ত্রিদেশীয় এ সিরিজ হবে ডাবল লিগ ভিত্তিতে। প্রত্যেক দল দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে।
এখন ৯১ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে বাংলাদেশ ৭ নম্বরে। শ্রীলঙ্কার চেয়ে ২ পয়েন্ট পেছনে, আর পাকিস্তানের চেয়ে এগিয়ে ৩ পয়েন্টে।
আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি ম্যাচেই জয় পেলে বাংলাদেশের সংগ্রহ হবে ৯৭ পয়েন্ট। তখন তারা শ্রীলঙ্কাকে পেছনে ফেলবে ৪ পয়েন্টের ব্যবধানে। নিউজিল্যান্ডকে একবার আর আয়ারল্যান্ডকে দুবার হারালেও লঙ্কানদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে ৬ নম্বরে উঠে যাবেন মাশরাফি-সাকিবরা।
তবে র্যাংকিংয়ে অবনমনের শঙ্কাও আছে। আইরিশদের দুবার হারিয়ে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচই হেরে গেলে ১ পয়েন্ট হারাবে বাংলাদেশ। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু একটি জয় পেলে পাকিস্তানের পেছনে পড়ে যাবে টাইগাররা। আর চারটি ম্যাচেই হেরে গেলে ৯১ থেকে পয়েন্ট নেমে দাঁড়াবে ৮৩। তাহলে র্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে ৪ পয়েন্টে।
এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ে সেরা আটে থাকা দলগুলো ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। সূত্র- আইসিসি
/এফএইচএম/এএআর/








