বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের বেশ খানিকটা পর শুরু হয়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ। আবারও বৃষ্টির বাধায় পড়েছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। ৩১.১ ওভারের সময় বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। ওই পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৭ রান। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত খেলা শুরু করা যায়নি। এই অবস্থায় বাংলাদেশের ইনিংস ফের শুরুর হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
এর আগে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের, ৭০ রানে হারায় ৪ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সতীর্থদের আসা-যাওয়া দেখতে থাকা তামিম ইকবাল অবশ্য খেলে যাচ্ছেন নিজের খেলাটা। পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরি। আর সঙ্গী হিসেবে পেয়ে গেছেন মাহমুদউল্লাহকে। দুজন মিলিয়ে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ স্কোর।
ইতিমধ্যে পঞ্চম উইকেট জুটিতে হাফসেঞ্চুরিও পূরণ করেছেন তামিম-মাহমুদউল্লাহ। তাদের দুজনের ইনিংসের ওপর ভর দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চাপ কাটিয়ে উল্টো চেপে ধরেছে এখন আইরিশদের।
শুরুতেই ফিরে যান সৌম্য সরকার। মাত্র ৫ রান করে এই ওপেনার শিকার পিটার চেজের। খানিক পর এই আইরিশ বোলার আবারও আঘাত হানেন, এবার ফেরান সাব্বির রহমানকে। রানের খাতা খোলার আগেই এই ব্যাটসম্যান ফিরে গেলে কঠিন চাপে পড়ে যায় বাংলাদেশ। টাইগারদের স্কোর তখন ২ উইকেটে ৯! বিপর্যয় কাটাতে মাঠে নামা মুশফিকুর রহিমের শুরুটা মন্দ না হলেও এগোতে পারেননি বেশি দূর। ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
পারেননি অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে নামা সাকিব আল হাসানও। নিষেধাজ্ঞার কারণে মাশরাফি খেলতে না পারায় বাংলাদেশকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। দ্রুত ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছে, সেই মুহূর্তে মাঠে নেমে দলের হাল ধরবেন কী, উল্টো আউট হয়ে বাড়িয়ে যান চাপ। ১৪ রান করে চেজের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই অলরাউন্ডার।
/কেআর/








