প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের ফাইনালে উঠেছে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দল কাশিনাথ আলাউদ্দিন স্কুল ও রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন বালিয়াপুকুর বিদ্যানিকেতন। ২০১৬-১৭ মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচে স্কুল দুটি মুখোমুখি হবে মঙ্গলবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের এবারের আসরে সারা দেশের ৫৪০ স্কুলের ১০ হাজার ৮০০ ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়। দীর্ঘ পথ পেরিয়ে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে শিরোপা নিষ্পত্তির দ্বৈরথ।
৬৪ জেলার চ্যাম্পিয়ন দল অংশ নেয় বিভাগীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে। ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন এবং ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ১১ মে থেকে শুরু হয় জাতীয় শিরোপা নিষ্পত্তির শেষ ধাপ ‘ন্যাশনাল রাউন্ড’। জেলা, বিভাগ ও জাতীয় রাউন্ড মিলিয়ে দেশের ৭০ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ৯৬৫টি ম্যাচ।
রাজশাহীর প্রথম সেমিফাইনালে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন হাইস্কুলকে ৭৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মৌলভীবাজারের দল কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল। এদিকে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল দিনাজপুরের মিউনিসপল হাইস্কুলকে ১২৯ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে রাজশাহীর বালিয়াপুকুর বিদ্যানিকেতন।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম রাব্বানি, প্রাইম ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চলের প্রধান এ.কে.এম এনামুল হক। এছাড়া উপস্থিত থাকবেন বিসিবির গেম ডেভেলেপমেন্ট ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কাওসার, বিসিবির নির্বাচক (বয়সভিত্তিক) এহসানুল হক সিজান।
উল্লেখ্য, গত আসরের চ্যাম্পিয়ন হয়েছিল টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।
/আরআই/কেআর/








