নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়ের বিপরীতে গিয়ে খেলছিলেন তামিম ইকবাল। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে হয়তো উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এই ওপেনার। যদিও তার সেই লড়াই বেশিক্ষণ টিকল না। আউট হয়ে গেছেন বাঁহাতি ব্যাটসম্যান। তার আউটে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। কিছুক্ষণ পর সাব্বির রহমানও ধরেন তার পথ। মাত্র ১ রান করে বোল্ড হয়ে ফিরে যান তিনি মিচেল স্যান্টনারের বলে। দ্রুত ২ উইকেট হারালেও সৌম্য সরকারের চমৎকার হাফসেঞ্চুরির ওপর ভর দিয়ে বাংলাদেশের স্কোর ছাড়িয়েছে ১০০। স্কোর ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬।
জেমস নিশামের অফ স্ট্যাম্পের বেশ খানিকটা বাইরের বল কাট করেছিলেন তামিম। যদিও বল শূন্যে ভেসে আশ্রয় নেয় কভার বাউন্ডারিতে থাকা কলিন মুনরোর হাতে। প্যাভিলিয়নে ফেরার আগে এই ওপেনার খেলেছেন ৪২ বলে ২৩ রানের ইনিংস।
তার আউটের পরপরই ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চম হাফসেঞ্চুরির দেখা পান সৌম্য। ৭ ইনিংস পর প্রথমবার ফিফটির দেখা পেলেন এই ওপেনার।
চেনা ছন্দে ফিরেছেন সৌম্য। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং করছেন এই ওপেনার। ওপেনিংয়ে তার সঙ্গী তামিম খেলছিলেন অবশ্য ধীরে সুস্থে। দুই ওপেনারের মাথা ঠাণ্ডা রাখা ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটাও দারুণ হয়েছিল বাংলাদেশের। কোনও উইকেট না হারিয়ে হাফসেঞ্চুরি পূরণ করে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ডাবলিনের এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফিরা। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও টসে হেরেছিল বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচেও শুরুতে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম-সৌমরা। যদিও বৃষ্টির কারণে নিজেদের ইনিংসই শেষ করতে পারেনি টাইগাররা। ম্যাচটি তাই পরিত্যক্ত হয়। ওই ম্যাচে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশ্য তিনি ফিরেছেন কিউইদের বিপক্ষে।
মাশরাফি ফেরায় একাদশে একটি পরিবর্তন ছিল নিশ্চিত। অধিনায়ক ফিরে আসায় কপাল পুড়েছে পেসার তাসকিন আহমেদের। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে বদল এই একটিই। কিউইদের একাদশেও এসেছে একটি পরিবর্তন। অলরাউন্ডার স্কট কুগেলিনের জায়গায় সুযোগ পেয়েছেন হামিশ বেনেট।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাশরাফি মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : লুক রঞ্চি, টম ল্যাথাম, জর্জ ওয়ার্কার, রস টেলর, নাইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, হামিশ বেনেট, মিচেল স্যান্টনার, সেথ রেন্স, ইশ সোধি।
/কেআর/








