বাংলাদেশের ম্যাচের শুরুর ‘চিত্র’ দেখেই ফল বলে দেওয়া যায় সম্ভবত! ব্যাটিং বা বোলিংয়ে ভালো সূচনা হওয়া অনেক ম্যাচেই শেষ হাসি হেসেছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেও তাই শুরুটা ভালো করার লক্ষ্য মাশরাফি বিন মুর্তজার।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা বড় দলের বিপক্ষে যে সব ম্যাচ জিতেছি, বেশিরভাগেরই শুরুটা খুব ভালো হয়েছিল। প্রত্যেক ম্যাচেই এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের শুরুটা ভালো করতে হবে, এবং শুরুর সঙ্গে শেষটার সংমিশ্রণ ঘটাতে হবে।’
গত কয়েক বছরে টাইগারদের সাফল্যের কারণে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। মাশরাফিও তা জানেন। তবে তার লক্ষ্য উন্নতির ধারাবাহিকতা রক্ষা করা, ‘দেশের মানুষ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আমাদের কাছে অনেক প্রত্যাশা করে। তাদের প্রত্যাশার মাত্রা একটু বেশিই। তবে মূল ব্যাপার হচ্ছে আমরা উন্নতি করছি কিনা। আমার আস্তে আস্তে র্যাংকিংয়ের ওপরের দিকে উঠছে। আমরা উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
ইংল্যান্ডকে হারানোর বিষয়ে প্রশ্ন রাখা হলে মাশরাফির জবাব, ‘ইংল্যান্ড বা জিম্বাবুয়ে যে দলের সঙ্গে খেলা হোক, আমাদের লক্ষ্য ভালো খেলা। আসলে জয়-পরাজয়ের কথা আগে থেকে বলা মুশকিল।’
গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফি অবশ্য অতীত নিয়ে মাথা ঘামাতে চান না, ‘দুটি প্রস্তুতি ম্যাচেই আমরা হেরেছি। তবে এটা নিয়ে বেশি চিন্তা করছি না। ইংল্যান্ডের সঙ্গে সম্প্রতি আমরা ভালো খেলেছি। কিন্তু তা অতীত। আমরা জয়ের বাসনা নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে চাই।’
তবে আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় বাংলাদেশ অধিনায়ক, ‘ইংল্যান্ডে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে উইকেটের চরিত্র বদলে যায়। ভারতের বিপক্ষে গত ম্যাচে এমন হয়েছে। আমাদের ব্যাটিংয়ের সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে ওরা সুইং পেয়েছিল। আমি মনে করি, এই অভিজ্ঞতা পরের ম্যাচে কাজে দেবে।’
/আরআই/এএআর/








