চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। তাই টাইগাররা নিঃসন্দেহে এখন চাপের মধ্যে। মাশরাফি বিন মুর্তজাও তেমনই মনে করছেন।
বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ঘরের মাঠে খেললে দেশের মানুষের প্রত্যাশার চাপ থাকেই। ইংল্যান্ড বেশ কিছু দিন ধরেই ভালো খেলছে। অনেকের ধারণা, ইংল্যান্ডই হয়তো কাপ নেবে। তবে আমাদের ওপরেও চাপ কম নয়। আমরা এখন একটা ম্যাচ হারলেই অনেক কথা ওঠে। গতকাল ভারতের কাছে হেরে যাওয়ায় কথা উঠেছে।’
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ চার ওয়ানডের দুটোতে জয় পেয়েছে বাংলাদেশ। তবু বৃহস্পতিবার ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন মাশরাফি, ‘ইংল্যান্ড খুব ভালো দল। ওদের দলে কয়েকজন ভালো ব্যাটসম্যান, পেসার এবং অলরাউন্ডার রয়েছে। আমাদের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অবশ্য ক্রিকেটে যে কোনও কিছুই হতে পারে।’
নিজের দল সম্পর্কে টাইগারদের অধিনায়কের বিশ্লেষণ, ‘আমাদের দলে বেশ কয়েক জন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটারও আছে। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য পাওয়া সম্ভব।’
/আরআই/এএআর/








