চোট কিছুতেই পিছু ছাড়ছে না অ্যাঞ্জেলো ম্যাথুজের। চ্যাম্পিয়নস ট্রফির ওয়ার্ম আপ ম্যাচ দিয়েই লম্বা সময় পর ফিরেছেন মাঠে। ফিরতে না ফিরতেই আবার চোটে পড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক। কাফ ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে জন্মেছে সংশয়।
নিশ্চিত না করলেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) যে বিবৃতি দিয়েছে, তাতে প্রথম ম্যাচে ম্যাথুজের না খেলার সম্ভাবনাই বেশি। বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যথা অনুভব করায় ম্যাথুজের পরীক্ষা-নিরীক্ষা করলে জানা গেছে পেশীতে টান পড়েছে তার। সামনের কয়েকদিনের মধ্যে তিনি সেরে উঠবেন, যদিও খুব সম্ভবত তাকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে থাকতে হবে মাঠের বাইরে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথুজ শেষবার খেলেছেন জানুয়ারিতে। হ্যামস্ট্রিং চোটে মাঠ থেকে ছিটকে যাওয়ার পর খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও খেলা হয়নি পায়ের চোটের কারণে।
ফিট হয়ে ফিরেছেন লঙ্কান অধিনায়ক চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। সেখানেও শুরুতেই আবার চোটের ধাক্কা। ওয়ার্ম আপ ম্যাচে অবশ্য চেনা ছন্দেই দেখা গিয়েছিল ম্যাথুজকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে খেলেছিলেন ৯৫ রানের চমৎকার ইনিংস। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি।
শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাথুজ খেলতে না পারলে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার উপুল থারাঙ্গা। ক্রিকইনফো
/কেআর/








