বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে-বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর কথাটা বলাটা ভুল হবে না একেবারে। অন্যের কথা বাদ দিন, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ নিজেই তো অকপটে স্বীকার করে নিয়েছেন কথাটি। ৩৩ ওভারে ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এমন বেহাল অবস্থার পর বৃষ্টিকে ‘আশীর্বাদ’ হিসেবেই দেখছেন স্মিথ। তাই বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে নিউজিল্যান্ডের জায়গাতেই থাকতে চাইতেন তিনি।
দুই দফা বৃষ্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৭ ওভার। প্রথমবার ৪ ওভার কমে ৪৬ ওভারের ম্যাচে কিউইরা স্কোর দাঁড় করায় ২৯১। পরে আবারও বৃষ্টি নামলে অস্ট্রেলিয়ার লক্ষ্য ঠিক হয় ৩৩ ওভারে ২৩৫। এই লক্ষ্যে খেলতে নেমে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বৃষ্টি আসার আগে তাই ম্যাচ জেতার দৌড়ে এগিয়ে ছিল কিউইরা। স্মিথও মেনে নিলেন, ‘বৃষ্টি শুরুর আগে আমরা নিশ্চিত নিউজিল্যান্ডের জায়গায় থাকতে চাইতাম। সেই দৃষ্টিভঙ্গিতে বলব, বড় বাঁচা বেঁচে গেছি।’
অস্ট্রেলিয়ান বোলাররা একেবারেই সুবিধা করতে পারেননি। অলআউট করলেও ৩৯ ওভার পর্যন্ত ছিল কিউইদের রাজত্ব। ওই সময় কেন উইলিয়ামসনদের রান ছিল ৩ উইকেটে ২৫৪। শেষ ৩৭ রান যোগ করতে নিউজিল্যান্ড হারায় ৭ উইকেট। শেষ দিকে ভালো বোলিং করলেও বোলারদের কঠিন সমালোচনা করেছেন স্মিথ, ‘আমার মতে অনেক দিন পর এটাই সম্ভবত আমাদের বাজে বোলিংয়ের উদাহরণ। উইকেটের দুই পাশ থেকেই বল করেছি আমরা। ওদের (নিউজিল্যান্ড) সাচ্ছন্দ্যে খেলার সুযোগ করে দিয়েছি। খুবই সাধারণ মানের বোলিং ছিল।’
বার্মিংহামের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছেন দুই দল। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ তাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য। ক্রিকইনফো
/কেআর/








