রোমাঞ্চের অপেক্ষায় সুপার লিগের শেষ রাউন্ড। ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নের নাম জানতে শেষ রাউন্ডের অপেক্ষায় থাকতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৯৭ রানে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সমান ম্যাচ খেলে আবাহনী লিমিটেড ও দোলেশ্বর দুই দলেরই সংগ্রহ ২২ পয়েন্ট। আগামী সোমবার গাজী ক্রিকেটার্স-দোলেশ্বর এবং আবাহনী-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াইয়ের ওপরে নির্ভর করছে শিরোপা।
বৃষ্টিতে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে যাওয়ায় আগের দিন ম্যাচটি হতে পারে নি। শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান করেছে দোলেশ্বর। সর্বোচ্চ ৭০ রান এসেছে শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে। পাশাপাশি মার্শাল আইয়ুবের ৫০, ইমতিয়াজ হোসেনের ৪৮ আর রজত ভাটিয়ার ৩৭ রান লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে দোলেশ্বরকে। মোহামেডানের হয়ে ৩৫ রানে দুই উইকেট নিয়েছেন সাজেদুল ইসলাম।
জবাবে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে গেছে মোহামেডান। বিপুল শর্মা (৪৮), সাজেদুল (৩১) ও শামসুর রহমান (২৬) লড়াই করলেও লক্ষ্যের কাছাকাছিও যেতে পারে নি ঐতিহ্যবাহী দলটি।
৩২ রানে তিন উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার শরীফউল্লাহ। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা, দেলোয়ার হোসেন ও রাহাতুল ফেরদৌস।
/আরআই/এএআর/








