পর্দা নামল ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের।সুপার লিগের শেষ রাউন্ডে সোমবার বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত হলে ম্যাচ দুটি গড়ায় আজ মঙ্গলবার। যেখানে হেরে শেষ করেছে আগের ম্যাচে শিরোপা নিশ্চিত করা গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগের দিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আবাহনী জেতায় গাজীরা শিরোপা উৎসব করেছিল।
বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। ম্যাচটিতে দোলেশ্বর ৬ উইকেটে জিতে গাজীর সমান ২৪ পয়েন্ট পেয়েছে। দুই দলের মতো সমান পয়েন্ট আবাহনীরও। কিন্তু শিরোপা চূড়ান্ত হয়েছে তিন দলের মুখোমুখি লড়াইয়ে; যেখানে গাজী জিতেছে তিন ম্যাচ, দোলেশ্বর দুটি ও আবাহনী একটি।
আগের দিন বৃষ্টি নামার আগে গাজী গ্রুপ ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করেছিল। মঙ্গলবার ওখান থেকে ব্যাটিং শুরু করে গাজী। ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ২২২ রানেই অলআউট হয়। ৮৭ রানের ইনিংস খেলা জহুরুল ইসলাম অমি দলের সেরা ব্যাটসম্যান।
ফরহাদ রেজা ৩১ রানে তিন উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের সেরা বোলার। এছাড়া দেলোয়ার হোসেন, আরাফাত সানি ও শরিফউল্লাহ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
২২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দোলেশ্বর ৪৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পুনিত বিশতের অপরাজিত ৮৯ ও শরিফউল্লাহর অপরাজিত ৫১ রানের উপর ভর করেই দোলেশ্বর ৬ উইকেটর সহজ জয় নিশ্চিত করে।
গাজীর বোলারদের হয়ে হোসেন আলী, মেহেদী হাসান, আবরার কাজী ও মমিনুল হক প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এফএইচএম/








