ইংল্যান্ডে বসেছে চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। সামনের ওয়ানডে বিশ্বকাপের আয়োজকও ইংলিশরা। ২০১৯ সালে ইংল্যান্ডের ওই বিশ্বকাপে আরও ধারালো মোস্তাফিজুর রহমানকে পাওয়ার আশায় মাশরাফি বিন মুর্তজা। তরুণ এই পেসার চ্যাম্পিয়নস ট্রফির অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে পারবেন বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
ঘরের মাটিতে মোস্তাফিজ যতটা কার্যকর, অতটা আলো ছড়াতে পারছেন না বিদেশের মাটিতে। সেটা তার পারফরম্যান্সে স্পষ্ট ফুটে উঠেছে। ঘরের মাঠে ৯ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা যেখানে ২৬টি, সেখানে দেশের বাইরে ১১ ম্যাচে উইকেট ১৭টি।
মাশরাফি অবশ্য পরিসংখ্যানে নজর দিচ্ছেন না, তার মতে বাইরের কন্ডিশনে খেলতে খেলতেই অভিজ্ঞ হয়ে উঠবে মোস্তাফিজ, ‘এই ধরনের উইকেটে কাটার করা বেশ কঠিন। ধীরে ধীরে তাকে শিখতে হবে কীভাবে এই ধরনের উইকেটে ভালো বোলিং করতে হয়।’
সামনের ওয়ানডে বিশ্বকাপে মোস্তাফিজকে নিয়ে তাই মাশরাফির আশা, ‘দুই বছর পর যখন ২০১৯ বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডে আসবে মোস্তাফিজ, তখন এই অভিজ্ঞতাটা তার কাজে লাগবে।’
/আরআই/কেআর/








