সেই কার্ডিফ, সেই বাংলাদেশ। মাঝে এক যুগ পেরিয়ে গেলেও ফলটা থাকল একই। ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকল টাইগাররা। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছে ৫ উইকেটের জয়। যে অর্জনে গোটা বিশ্বে আরও একবার ছড়িয়ে পড়েছে বাংলাদেশের জয়ধ্বনি। প্রশংসার বানে ভাসাচ্ছেন সাবেকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেন ওয়ার্ন থেকে শুরু করে ব্রেন্ডন ম্যাককালাম, সাকলাইন মুশতাক থেকে কুমার সাঙ্গাকারা- সবাই মেতেছেন বাংলাদেশ-বন্দনায়।
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই এখন পরিচিত শেন ওয়ার্ন। কিংবদন্তি এই লেগ স্পিনার টুইটারে চ্যাম্পিয়নস ট্রফির গত কয়েকদিনের চিত্র তুলে ধরেছেন। বাংলাদেশকে অভিনন্দন জানানোর সঙ্গে অস্ট্রেলিয়াকেও জানিয়েছেন শুভকামনা, ‘অভিনন্দন পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গত কয়েকদিনে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের জয়ের জন্য। কী অসাধারণ টুর্নামেন্ট! আগামীকাল (আজ) জেগে ওঠো অস্ট্রেলিয়া।’
বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকও, লিখেছেন, ‘দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন।’ গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো কুমার সাঙ্গাকারা বাংলাদেশকে তো বটেই প্রশংসায় ভাসিয়েছেন সাকিব ও মাহমুদউল্লাহকেও। তার টুইটটা এমন, ‘অসাধারণ প্রচেষ্টা বাংলাদেশের। দারুণ ব্যাটিং করেছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। দুর্দান্ত লড়াই ও কর্মশক্তির পরিচয় দিয়েছে তারা।’
যাদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ, সেই কিউইদের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের বাহবাও পেয়েছে মাশরাফিরা। খুব কাছ থেকে খেলাটা দেখেছেন বলেই তার মুখ থেকে প্রশংসা ঝরেছে একটু বেশিই, ‘সাবাস বাংলাদেশ। কঠিন চাপে পড়েও সাহসিকতার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে। দূর্ভাগ্য আমার ব্যাকক্যাপস ভাইদের। এমনটা যেন আর না হয়।’ ক্রিকেট থেকে আলোচনার বাইরে চলে যাওয়া মোহাম্মদ কাইফও আছেন একই কাতারে, লিখেছেন, ‘দুর্দান্ত বাংলাদেশ। সাকিব-মাহমুদউল্লাহ ভালো করেছে। বলতেই পারি তিন দিনে তিন আপসেট। সত্যিকার অর্থে চ্যাম্পিয়নস ট্রফি জেগে ওঠেছে এখন।’
দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচারের টুইটটা একটু অন্যরকম। তিনি বাংলাদেশের জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বের নতুন মোড় নেওয়ার কথা তুলে ধরেছেন, ‘গতানুগতিক ধারা থেকে ক্রিকেট বিশ্ব বেরিয়ে এসেছে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। নিউজিল্যান্ড তাদের উচ্চতা ধরে রাখতে পারেনি, ইংল্যান্ড ইতিমধ্যে কোয়ালিফাই করেছে (সেমিফাইনালে), বাংলাদেশ আবার চাপের মধ্যে থেকেই জিতছে ম্যাচ। এবার তোমার পালা দক্ষিণ আফ্রিকা!’
বাংলাদেশের প্রশংসা করে ভারতের ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ পড়েছেন হার্শা বোগলে। তাতে বয়েই গেছে তার! আবারও এই ধারাভাষ্যকারের প্রশংসা পেল টাইগাররা, ‘স্বীকার করছি এখন, ভেবেছিলাম বাংলাদেশ হয়তো নিজেদের গুটিয়ে নিয়েছে। তবে তাদের এই অ্যাপ্রোচ আরও বেশি প্রমাণ করল তারা দল হিসেবে বেড়ে উঠেছে।’
এমন একটা ম্যাচ টুর্নামেন্টের প্রাণ ফিরিয়ে আনে মনে করেন শহীদ আফ্রিদি। অসাধারণ জুটিতে বাংলাদেশের জয়ের পর তার টুইট, ‘চমৎকারভাবে রান তাড়া করেছে বাংলাদেশ। অসাধারণ প্রত্যাবর্তন এবং সাকিব ও মাহমুদউল্লাহর জুটি দারুণ। চ্যাম্পিয়নস ট্রফি বেশ প্রাণবন্ত।’
অবাক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি, ‘কী দারুণভাবে রান তাড়া করল তারা। মাইকেল ভনের মুখে আরও অনেক বেশি ডিম পড়ল।’
চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা বেশ উন্মুক্ত হয়ে গেল মনে করছেন স্কট স্টাইরিস, ‘সেরা পারফরম্যান্সের জন্য বিসিবি টাইগারদের অভিনন্দন। এখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি যে কারও।’
সাকিব-মাহমুদউল্লাহর গুণকীর্তন করেছেন জিওফ্রে বয়কট, ‘মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের চমৎকার পারফরম্যান্স। অবিশ্বাস্য, অসাধারণ।’
নিউজিল্যান্ডের কাছ থেকে কীভাবে ম্যাচ কেড়ে নিল বাংলাদেশ, যেন বিশ্বাসই হচ্ছে না মাইকেল ভনের, ‘এটার চেয়ে ভালো ওয়ানডে জুটি দেখেছি মনে পড়ছে না। ৩৩ রানে ৪ উইকেট, বল সুইং করছিল।’
সত্যিই বেড়ে উঠেছে বাংলাদেশ। চাপের ভেতর থেকে ম্যাচ কীভাবে বের করে আনতে হয়, সেটাও করে দেখিয়েছেন সাকিব-মাহমুদউল্লাহ। তাদের আলোয় আলোকিত বাংলাদেশের বন্দনায় তাই গোটা ক্রিকেট বিশ্ব।
/কেআর/








