চ্যাম্পিয়নস ট্রফিতে দাপট দেখিয়েই শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গতকালই। আর তাতে ব্যাট বলে অলরাউন্ড ঝলক দেখিয়েছেন ইংল্যান্ড তারকা বেন স্টোকস। এমন পারফরম্যান্সে তাকে প্রশংসাতেই ভাসিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এয়োইন মরগান। ম্যাচের পর বলেছেন, ‘ক্রিকেট বিশ্বের প্রতিটি দলই স্টোকসকে চাইবে।’
স্টোকসকে কেন চাইবে? এর পেছনে ব্যাখ্যা রয়েছে মরগানের। তার ভাষায়, ‘আইপিএল নিলামেই জানা গেছে ওকে সবাই চায়। কারণ সব সময়ই সে খেলাতে প্রভাব বিস্তার করে। ব্যাটে বলে এমনকি মাঠেও তার প্রভাব থাকে।’
মাঠে তার প্রভাবটা কেমন? যার ব্যাখ্যায় মরগান বলেছেন এভাবে, ‘ওর খেলা যদি দেখেন তাহলে দেখবেন মাঠেই আজ অনেকগুলো রান বাঁচিয়েছে। প্রায় ৫ ওভার ওর খেলা ছিল অসাধারণ। সব সময়ই ও খেলাটার মাঝে থাকতে চায়।’
স্টোকসের ব্যাটিংয়ের প্রশংসা করে মরগান বলেছেন, ‘ওর ব্যাটিংটা ছিল বলার বাইরে। ক্রিজে স্টোকস কিন্তু শান্ত, ধীর স্থির থাকে। ওর যেই ব্যাটিং দক্ষতা সেটা ছিল মাত্রার বাইরে।’
স্টোকসের প্রশংসা করতেই পারেন মরগান। কারণ এজবাস্টনে অপরাজিত ১০২ রান করেছেন। সবশেষ ১৩ ওয়ানডেতে এটি ছিল তার তৃতীয় সেঞ্চুরি। আর মরগানের সঙ্গে মিলেই অসিদের ছিটকে দিয়েছেন ম্যাচ থেকে।
/এফআইআর/








