চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আইসিসির কোনও টুর্নামেন্টে এবারই এত বড় অর্জন মাশরাফিদের। তাই শেষ চারের লড়াইয়ে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আইসিসির বিশেষ কলামে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘ছায়া থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের এটাই মোক্ষম সময়।’
তিনি আরও যোগ করেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা অনেক বড় একটি ম্যাচ। তাই নিজেদের কাছে নিজেদের প্রশ্ন থাকা উচিত। আর সেটা হলো আইসিসির বড় কোনও ইভেন্টে সেমিফাইনালই শেষ, নাকি আরও এগিয়ে যাওয়ার ক্ষুধা বা তাড়না আছে?’
বাংলাদেশের অতীত পারফরম্যান্স প্রসঙ্গ টেনে আনেন বাশার। কারণ অনেকেই এই টুর্নামেন্টের শেষ চারে বাংলাদেশকে কল্পনা করেননি। এর ব্যাখ্যা দিতে গিয়ে বাশার লিখেছেন, ‘টুর্নামেন্টের শুরুতে কয়েকজনকেই পাওয়া যাবে যারা বাংলাদেশকে নকআউট পর্বে কল্পনা করেছিল। অবশ্য এর বিবেচনার কারণতো ছিলই। সেই বাংলাদেশই গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের সঙ্গে দুর্দান্ত ক্রিকেট খেলে ফাইনাল থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে।’
তিনি আরও যোগ করেন, ‘এটাই এমন এক মুহূর্ত যা বাংলাদেশর ১৬ কোটি মানুষ চেয়েছে, অপেক্ষা করেছে। আমার দেশে ক্রিকেটের প্রতি যে টান তা বলার বাইরে। তাই মনে করি এমন ক্রিকেট পাগল ভক্তদের এমন দলই প্রয়োজন যারা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ তুলতে জানে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় বাংলাদেশের আত্মবিশ্বাসকে উপরে তুলে দিয়েছে বলেই মনে করেন বাশার, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন তারা অনুভব করবে যে তারা যদি নিজেদের সেরা দক্ষতা দিয়েই খেলে, তাহলে যে কাউকেই পেছনে তারা ফেলতে পারবে।’
/এফআইআর/








