প্রথমবারের মতো আইসিসির কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে ২২ গজের লড়াইয়ে মাশরাফিদের প্রতিপক্ষ ভারত। জিতলেই ফাইনালে টাইগাররা। ম্যাচের আগের দিন মাশরাফি জানালেন, এজবাস্টনের উইকেট রীতিমতো ‘ব্যাটিং-স্বর্গ’।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মনে হচ্ছে স্কোরিং গ্রাউন্ড হবে। ওভালে যেমন উইকেটে খেলেছিলাম তেমনই মনে হচ্ছে। তবে যেমনই হোক না কেন, আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি টাইগারদের। অবশ্য একটি বদল আসতে পারে। একজন পেসারকে বসিয়ে খেলানো হতে পারে কোনও স্পিনারকে। মাশরাফি অবশ্য একাদশ সম্পর্কে পরিষ্কার করে কিছু জানান নি, ‘সবার সঙ্গে বসে আলোচনা করে একাদশ ঠিক করবো। জিতলে সবার কাছে সব কিছু ঠিকঠাক মনে হয়। আমরা চেষ্টা করবো সেরা একাদশ নিয়ে মাঠে নামার।’
সেমিফাইনালে বাংলাদেশকে চোখ রাঙাতে পারে ইতিহাস। এজবাস্টনে টাইগারদের
অতীত অভিজ্ঞতা ভালো নয়। এই মাঠে দুটি ম্যাচ খেলে দুটিতেই বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল। প্রথমবার ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে, পরেরবার ২০১০ সালে ইংল্যান্ডের কাছে ১৪৪ রানে।
/আরআই/এএআর/








