প্রথমে মহেন্দ্র সিং ধোনি, এর পর স্পিনাররা- তাদের ঝলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। নর্থ সাউন্ডে শুক্রবার তৃতীয় ওয়ানডেতে ৯৩ রানে জিতেছে সফরকারীরা।
টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় ক্যারিবিয়ানরা। ৩৪ রানে দুটি ও ১০০ রানে তৃতীয় উইকেট তুলে নিয়ে খানিকটা স্বস্তিতে ছিল তারা। কিন্তু ওপেনার আজিঙ্কা রাহানে ও মহেন্দ্র সিং ধোনি তাদের স্বস্তি কেড়ে নেন। ৭০ রানের জুটি গড়েন তারা।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাহানে দ্বিতীয় সেরা ৭২ রানে আউট হওয়ার পর আবার শক্ত হাতে দাঁড়িয়ে যান ধোনি। কেদার যাদবকে নিয়ে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাবেক অধিনায়ক। ৭৯ বলে ৪টি চার ও ২টি ছয়ে ইনিংস সেরা ৭৮ রানে অপরাজিত ছিলেন ধোনি। ৪০ রানে অন্য প্রান্তে খেলছিলেন যাদব।
অবশ্য ৪ উইকেটে ভারতকে ২৫১ রানে বেধে দিয়ে সিরিজে ফেরার সম্ভাবনা দেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রতিপক্ষ স্পিনারদের কাছে কুপোকাত হয় তারা। কুলদীপ যাদবের বাঁহাতি ও রবিচন্দ্রন অশ্বিনের ডানহাতি ঘূর্ণি জাদুতে মাত্র ৩৮.১ ওভারে ১৫৮ রানে অলআউট স্বাগতিকরা। তাদের সেরা ইনিংস খেলেন জেসন মোহাম্মদ (৪০)। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন কুলদীপ ও অশ্বিন। দুটি পান হার্দিক পান্ডিয়া।
ম্যাচসেরা হয়েছেন ধোনি। ক্রিকইনফো
/এফএইচএম/








