ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেতনের নতুন যে কাঠামো তৈরি করেছে, তাতে সম্মতি ছিল না খেলোয়াড়দের। শুক্রবার ছিল প্রস্তাবিত বেতনে স্বাক্ষর করার শেষ দিন। কিন্তু নিজেদের চাহিদা পূরণ না হওয়ায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্বাক্ষর না করলে চুক্তি বাতিল হয়ে যায় স্টিভেন স্মিথদের। তাই শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ‘বেকার’ হয়ে পড়েন জাতীয় দল মিলিয়ে ২৫০ খেলোয়াড়। বেকার জীবনের প্রথম দিনটা স্বাভাবিকভাবেই ভালো কাটেনি ডেভিড ওয়ার্নারের। জাতীয় দলকে পরিবারের মতো করলেও সেখান থেকে এত বড় ধাক্কা খাবেন, চিন্তাই করেননি এই ওপেনার!
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে একহাত নিয়েছেন ওয়ার্নার। লিখেছেন, ‘আমার কাছে পরিবারই সব। ভেবেছিলাম আমার পুরনো কাজের জায়গাটাও (জাতীয় দল) একই, কিন্তু ভুল ভেবেছিলাম।’ নিজেকে ‘বেকার’ ঘোষণা করে লেখা পোস্টটি দিয়েছেন তার স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে। যে পোস্টে নিজের যন্ত্রণার কথা ভাগাভাগি করার সঙ্গে জানিয়েছেন, এই দুঃসময়ে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন তার স্ত্রী ক্যানডাইস।
৩২ বছর বয়সী ক্যানডাইসকে নিয়ে ওয়ার্নার লিখেছেন, ‘আজ হয়তো আমি বেকার, তবে এখনও সঙ্গে পাচ্ছি এই চমৎকার মহিলাকে, যে আমাকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।’ ওয়ার্নার সমর্থন পাচ্ছেন তার ভক্তদের কাছে থেকেও। তবে ব্যতিক্রমও আছেন অনেকে। যারা মনে করছেন, দেশকে ভুলে গিয়ে ‘টাকার পেছনে’ ছুটছেন ওয়ার্নাররা। ডেইলি মেইল
/কেআর/








