জমকালো আয়োজনে সবার কাছে নিজেকে তুলে ধরলেন খুলনা টাইটানসের নতুন কোচ মাহেলা জয়াবর্ধনে। বুধবার দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে টাইটানসের কোচ হিসেবে জয়াবর্ধনেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। খুলনার দলটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদের উপস্থিতিতে শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি জানান, নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।
গতবার খেলোয়াড় হিসেবে অংশ নিলেও এবারের বিপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে জয়াবর্ধনেকে। খুলনা টাইটানসের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বলেন, ‘আমাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য খুলনা টাইটানসকে ধন্যবাদ। বাংলাদেশে বহুবার এসেছি, এখানে আমার অনেক সুখস্মৃতি। আশা করি, এবারের বিপিএল থেকেও সুখস্মৃতি নিয়ে ফিরতে পারবো।’ তিনি আরও বলেন, ‘গতবার বিপিএলে খেলেছিলাম। এবার আমার কাঁধে কোচিংয়ের দায়িত্ব। এই টুর্নামেন্টে দারুণ লড়াই হয়। আমি নতুন চ্যালেঞ্জ নিতে উদগ্রীব।’ টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করে জয়াবর্ধনে বলেন, ‘মাহমুদউল্লাহ অসাধারণ অধিনায়ক। তার নেতৃত্বে খুলনা ভালো করবে বলেই আমার বিশ্বাস।’
জয়াবর্ধনেকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘গত বছরের অভিজ্ঞতায় আমরা বুঝতে পেরেছি, এবারের বিপিএলে কীভাবে কাজ করতে হবে। আমরা কোচ মাহেলা জয়াবর্ধনে, পরামর্শক হাবিবুল বাশার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দল সাজাচ্ছি। এরই মধ্যে কয়েকজন ভালো বিদেশি খেলোয়াড় আমরা দলে নিয়েছি।’
গতবারই বিপিএলে প্রথম অংশ নিয়েছিল টাইটানস। মাহমুদউল্লাহর দুর্দান্ত নেতৃত্বে তৃতীয় হয়েছিল দলটি। জাতীয় দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার আবার নেতৃত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন টাইটানসের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি, ‘আমাকে দ্বিতীয়বারের মতো অধিনায়কের দায়িত্ব দেওয়ায় ইনাম ভাইকে ধন্যবাদ। গত বছর আমরা পুরো দলের নৈপুণ্যেই সফলতা পেয়েছি। সেই ধারাবাহিকতা এবার ধরে রাখতে পারলে আবারও সফল হবো। মাহেলা জয়াবর্ধনের মতো কিংবদন্তির অধীনে কাজ করতে আমরা মুখিয়ে আছি।’
গতবারও খুলনা টাইটানসের উপদেষ্টা ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। জয়াবর্ধনেকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘খুলনার কোচের দায়িত্ব নেওয়ায় মাহেলাকে সবার আগে ধন্যবাদ জানাই। ড্রাফট থেকে ভালোমানের কিছু স্থানীয় খেলোয়াড় সংগ্রহ করতে পারলেই আমাদের দলটা শক্তিশালী হয়ে যাবে। তবে এরই মধ্যে আমাদের বিদেশি খেলোয়াড়ের সংগ্রহ খুব ভালো।’
সবশেষে আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্ব দেওয়া হয় জয়াবর্ধনেকে। এসময় তার হাতে খুলনার টাইটানসের জার্সি তুলে দেন দলটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইটানসের টিম ম্যানেজার নাফীস ইকবালও।
ছবি: মাইনুর ইসলাম মানিক
/আরআই/এফআইআর/এএআর/








