বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের চতুর্থ আসরে প্রথম অংশ নিয়েছিল খুলনা টাইটানস। প্রথমবার তেমন ভালো দল গড়তে না পারলেও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত নেতৃত্বে শেষ চারে জায়গা করে নিয়েছিল দলটি। এবার বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়ার ইঙ্গিত দিয়েছে টাইটানস। অধিনায়ক মাহমুদউল্লাহর অবশ্য শুধু বিদেশি নয়, স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকেও অনেক প্রত্যাশা।
খুলনা টাইটানসের কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। বুধবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে কোচ জয়াবর্ধনেকে পরিচয় করিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের সঙ্গে। এসময় মাহমুদউল্লাহ বলেন, ‘আমি বিশ্বাস করি, পুরো দলের সাপোর্ট ছাড়া কখনও রেজাল্ট পাওয়া সম্ভব নয়। এ ধরনের টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের অনেক দায়িত্ব পালন করতে হয়। আশা করি, এবারের বিপিএলে আমরা কয়েকজন ভালো স্থানীয় খেলোয়াড় দলে নিতে পারবো। তারা অবদান রাখলে সাফল্য পাওয়া সহজ হবে। বিপিএলে সাফল্য পেতে বিদেশিদের পাশাপাশি স্থানীয়দের ভালো খেলাও গুরুত্বপূর্ণ।’
গত আসরে ভালো ফলের জন্য টিম ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে খুলনা টাইটানসের অধিনায়ক বলেন, ‘টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে মালিকপক্ষ খুবই আন্তরিক ছিল। তাদের পাশাপাশি দলের সবার প্রচেষ্টায় আমরা গতবার ভালো রেজাল্ট করেছিলাম। এবারও ভালো করার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে ভালো রেজাল্ট করা কঠিন হবে না।’
জাতীয় দলে তার ব্যাটিং পজিশন কখনোই স্থায়ী হয়নি। একসময় তিন বা চারে ব্যাট করলেও ইদানীং তাকে নামতে হয় ছয়/সাত নম্বরে। বিপিএলে নিজের ব্যাটিং পজিশন নিয়ে মাহমুদউল্লাহ অবশ্য চিন্তিত নন, ‘এখানে ইনাম ভাই আছেন, কোচ আছেন, বাশার ভাই (হাবিবুল) আছেন। যেখানে দেওয়া হবে, সেখানেই আমি ব্যাট করতে প্রস্তুত। চেষ্টা করবো ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের জন্য অবদান রাখতে। তবে টিম হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানের শুরুতে কাজী ইনাম আহমেদ অধিনায়ক হিসেবে ঘোষণা করেন মাহমুদউল্লাহর নাম। বক্তব্যের শুরুতে খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আবার আমাকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার জন্য ইনাম ভাইকে ধন্যবাদ। খুলনা টাইটানসের হয়ে আবারও খেলবো বলে খুব ভালো লাগছে। এ বছর আমাদের লক্ষ্য গতবারের সাফল্যকে ছাড়িয়ে যাওয়া।’
শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে কোচ হিসেবে পেয়ে মাহমুদউল্লাহ উচ্ছ্বসিত, ‘জয়াবর্ধনের মতো কিংবদন্তি ক্রিকেটার আমাদের দলের কোচ। আমাদের জন্য এটা অনেক অনুপ্রেরণাদায়ক। তার অধীনে খেলতে পারবো ভেবে আমি রোমাঞ্চিত। দেশের হয়ে তার অসাধারণ কিছু অর্জন আছে। বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবে। আশা করি, তার সঙ্গে সময়টা দারুণ কাটবে।’
/আরআই/এএআর/








