আগের ম্যাচে খেললেন হার না মানা ৭৮ রানের ইনিংস। তৃতীয় ওয়ানডেতে ভারতের জয় নিশ্চিতের পর ম্যাচসেরার পুরস্কারও জিতলেন মহেন্দ্র সিং ধোনি। পরের ম্যাচে করলেন আরও একটি হাফসেঞ্চুরি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচাতে পারেননি দলের হার। তাতেই সমালোচনার কোপ পড়ে সাবেক অধিনায়কের ওপর। ধীরগতির ব্যাটিংয়ের জন্য কাঠগড়ায় ওঠা ধোনির হয়ে ব্যাট ধরলেন বিরাট কোহলি। ধোনিকে ম্যাচের পরিস্থিতি বোঝানোর কারও দরকার নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক।
পরিস্থিতির দাবি মেটাতে পারেন বলেই অধিনায়ক থাকার সময় ধোনিকে ডাকা হতো ‘ক্যাপ্টেন কুল’। ফিনিশার হিসেবেও তার জুড়ি নেই। সবকিছু মিলিয়ে ধোনির দিকে সমালোচনার আঙুল ওঠার তাই কোনও কারণ খুঁজে পাচ্ছেন না কোহলি। বরং সাবেক অধিনায়কের ব্যাটিং প্রশংসা করে তিনি বলেছেন, ‘দারুণভাবে বল ব্যাটে লাগাচ্ছিল ধোনি। কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে কিংবা কীভাবে ইনিংস গড়তে হবে, ওকে এগুলো বোঝানোর কোনও দরকার নেই আপনার।’
চতুর্থ ওয়ানডেতে ভারত ১১ রানে হেরে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ১১৪ বলে ধোনি খেলেছিলেন ৫৪ রানের ইনিংস। ধীরগতির ইনিংসে বাউন্ডারি ছিল তার মাত্র একটি। ম্যাচটি হারলেও শেষ ম্যাচ জিতে সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছে ভারত। সিরিজ জেতার পর উইকেট নিয়ে কোহলি বলেছেন, ‘আপনার আগে খুঁজে বের করতে হবে কী ধরনের উইকেটে খেলতে হয়েছে। দিন কয়েক আগে অনুশীলনের সময় স্পিনারদের মেরে খেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি; কারণ বড় শট খেলার মতো উইকেট এটা ছিল না।’ সঙ্গে যোগ করলেন, ‘অনুশীলনে কোনও খেলোয়াড়ের ব্যাটিং দেখে কাউকে বিচার করা উচিত না, কারণ বুঝতেই পারবেন না আসল লড়াইয়ে কী ধরনের উইকেট অপেক্ষা করছে আপনার জন্য।’ ইন্ডিয়ান এক্সপ্রেস
/কেআর/








