অধিনায়কত্ব নিয়ে আগেও সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দলের হারে বেশ কয়েকবারই তার নেতৃত্ব হয়েছিল প্রশ্নবিদ্ধ। জিম্বাবুয়ের কাছে চলমান সিরিজে দুই ম্যাচে হেরে এবারও রেহাই পেলেন না লঙ্কান অলরাউন্ডার। তাই আগামী বিশ্বকাপে তাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা এ নিয়ে নিশ্চিত নন তিনি নিজেই! সেই হতাশাই ঝরেছে গতকাল জিম্বাবুয়ের কাছে ৪ উইকেটে হেরে, ‘এখন সবার ওপরই অনেক চাপ রয়েছে। অধিনায়ক হিসেবে আমার ওপর তো রয়েছেই।’তাই ২০১৯ বিশ্বকাপে নিজের নেতৃত্ব নিয়ে সন্দিহান লঙ্কান এই ক্রিকেটার, ‘আমি আসলে জানি না ২০১৯ বিশ্বকাপে যেতে পারবো কিনা।’
গত বিশ্বকাপের পর ম্যাথুসের অধীনে শ্রীলঙ্কার রেকর্ড অতটা খারাপ নয়। তার অধীনে ১২টি ম্যাচ জিতলেও হেরেছে ১৫টি ম্যাচ। আর এই সময়ে তার অধীনে সিরিজ জয় হয়েছে ঘরের মাঠে কেবল ওয়েস্ট ইন্ডিজ ও অ্যাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর অ্যাওয়ে সিরিজে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে ও হোম সিরিজে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কাছে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। আর এই অবস্থাতেই ঘরের মাঠে র্যাংকিংয়ের নিচে থাকা জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ ব্যবধানে রয়েছে স্বাগতিকরা। তাই নিজেদের নৈপুণ্য নিয়ে এভাবেই বললেন ম্যাথুস, ‘আমাদের ব্যাটসম্যানরা ভালো করলেও ফিল্ডারদের কোনও ধারাবাহিকতা নেই। আমরা কখনও কখনও ভালো করতে পারি না। কিন্তু যারা এখন খেলছে তাদের দিয়ে ম্যাচগুলে জিততে পারি। তবে আমাদের বাজে বোলিংয়ের কারণেই আমরা ম্যাচগুলো হেরেছি। এখন এই সমস্যার সমাধান দ্রুত প্রয়োজন।’
জিম্বাবুয়ের পর আসন্ন ভারত সিরিজেও বাজে পারফর্ম করলে অপূরণীয় ক্ষতিই হবে শ্রীলঙ্কার। র্যাংকিংয়ে বর্তমানে ৯২ রেটিং নিয়ে অষ্টমে রয়েছে তারা। হারলে হয়তো সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাবে শ্রীলঙ্কা। খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের আগেই থাকতে হবে তাদের।
/এফআইআর/








