ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে ছয় বছর পর ফিরলেন তামিম ইকবাল। এসেক্স ঈগলসের জার্সিতে রবিবার শুরু হলো বাংলাদেশি ওপেনারের নতুন অধ্যায়। কেন্ট স্পিটফায়ার্সের বিপক্ষে প্রথম বল থেকে সুযোগ পেলেন ব্যাট করার। কিন্তু তার ইনিংস এগোয়নি বেশিদূর।
চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তামিমের, করেছিলেন প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ রান। এসেক্স কোচ ক্রিস সিলভারউড তাই দারুণ আশাবাদী ছিলেন তাকে নিয়ে। কিন্তু বাংলাদেশের তারকা ওপেনার প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ।
বরুণ চোপড়ার সঙ্গে উদ্বোধন করতে নামেন তামিম। প্রথম ওভার করা ড্যারেন স্টিভেন্সের প্রথম বলে সিঙ্গেল নেন তিনি।
পরের চার বলে তামিম কোনও রান করতে পারেননি। মুখোমুখি হওয়া ষষ্ঠ বলে নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে ছক্কা মারেন এই বাঁহাতি ওপেনার। বিধ্বংসী ইনিংসের ইঙ্গিত দিলেও সেখানেই থামতে হয়েছে তাকে। কিউই পেসারের পরের বল আঘাত করে তামিমের স্টাম্পে, ৭ বলে ৭ রান করে ফিরে আসতে হয় তাকে। এসেক্সের দলীয় রান তখন ২৮।
তামিম মাত্র ১৪ মিনিট ক্রিজে থাকলেও এসেক্সের সংগ্রহ খারাপ হয়নি। চোপড়া (৪৭), রবি বোপারা (৪৫) ও অধিনায়ক রায়ান টেন ডেসকাটের (৩৮) তিনটি আক্রমণাত্মক ইনিংসে ভর করে তামিমের দলের সংগ্রহ ৮ উইকেটে ১৬৬ রান। ক্রিকইনফো
/এফএইচএম/এএআর/








