আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরেই দক্ষিণ আফ্রিকা সফর। এরপর বিপিএল শেষ হতে না হতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। দেশের মাটিতে খেলা শেষে মাশরাফি-সাকিবরা যাবেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। আগামী বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা টাইগারদের। সব মিলিয়ে ক্রিকেটারদের কঠিন ব্যস্ততায় কাটবে সামনের মৌসুম।
প্রচুর ম্যাচ থাকায় ক্রিকেটারদের ফিট থাকা খুব কঠিন। তাই এই ফিটনেস ক্যাম্পের মাধ্যমেই সেই কঠিন কাজটি সহজ করে রাখবে টাইগাররা। আর অস্ট্রেলিয়া সিরিজের আগে দীর্ঘ এই বিরতিটাকেই কাজে লাগাচ্ছে বিসিবি। এমনিতে কোনও সিরিজ শুরু হওয়ার আগে কিছুদিন ফিটনেস ক্যাম্প করে থাকে মাশরাফিরা। এবার দীর্ঘ সময় নিয়ে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। আগামী কয়েক সপ্তাহ ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি। এরপর শুরু হবে স্কিল অনুশীলন।
সোমবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ২২ ক্রিকেটার নিয়ে ভিল্লাভারায়েন তার কার্যক্রম শুরু করে দিয়েছেন। ঈদের আগে ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করলেও সোমবার ক্যাম্পে যোগ দিয়েছেন ২২ জন। তামিম ইকবাল টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে। অন্যদিকে লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান ও তানবীর হায়দার এইচপি দলের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ায়। এছাড়া ইনজুরির কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না রুবেল হোসেন।
এদিন সকাল নয়টায় ক্রিকেটাররা ঈদ পুনর্মিলনী সেরে ফেলেন শুরুতেই। ঈদের পর আজই সবার সঙ্গে দেখা হয়েছে। তাই মিরপুরে শুরুতে কুশল বিনিময় করে কেটেছে ক্রিকেটারদের। সাকিব ও মাশরাফি আড্ডার মধ্যমণি হয়ে থেকেছেন। খানিক সময় হালকা মেজাজে কাটানোর পর অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা।
এই ক্যাম্প কাজে দেবে বলে মনে করেন ইমরুল কায়েস। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সামনে আমাদের অনেক ব্যস্ততা, এর আগে সবাই ফিটনেস বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। আশা করি, আমাদের ক্যাম্পটা ভালোই কাটবে।’
চার তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, নুরুল হাসান, সাব্বির রহমানেরও তেমনই বিশ্বাস। তাদের মতে, ‘ফিটনেস ভালো থাকলে ম্যাচে মনসংযোগের ঘাটতি থাকে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যে কোনও কিছু করা যায়। আশা করি, এই ক্যাম্পের মাধ্যমে আমাদের ফিটনেসের অনেক উন্নতি হবে।’
কোচিং স্টাফদের মধ্যে শুধু ভিল্লাভারায়েন আছেন বাংলাদেশে। বিসিবি সূত্রে জানা গেছে, ২৮ জুলাই হাথুরুসিংহের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা। প্রধান কোচ ফেরার পরই অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা।
মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। ঈদুল আজহার পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামে। সেপ্টেম্বরের মাঝামাঝি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা।
ক্যাম্পে যোগ দেওয়া ক্রিকেটাররা
ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।
/আরআই/এফআইআর/এএআর/








