১ আগস্ট শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে কন্ডিশনিং ক্যাম্প শেষে তিনি উড়াল দেবেন ক্যারিবিয়ান অঞ্চলে। বিষয়টি মঙ্গলবার মিরাজ নিজেই নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।
‘আগামী মাসের (আগস্ট) ১ তারিখ থেকে সিপিএল খেলা। এরই মধ্যে সিইও স্যারকে (নিজামউদ্দিন চৌধুরী) জানিয়েছি। আশা করছি দ্রুতই অনাপত্তিপত্র (এনওসি) পেয়ে যাব।’-সিপিএলে খেলতে যাওয়া প্রসঙ্গে বলেছেন মিরাজ। চূড়ান্ত না হলেও অনুমতি যে পাচ্ছেন, তার ইঙ্গিত পেয়েছেন এই অলরাউন্ডার, ‘আকরাম (খান) স্যারকেও জানিয়েছি। কোচের সঙ্গেও কথা হয়েছে। তারা বলেছেন কন্ডিশনিং ক্যাম্প শেষে তুমি যেতে পারবে। বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। আশা করি এ মাসের শেষের দিকে যাব।’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন মিরাজ। ২০১৭ সালের সিপিএল আসরের জন্য তাকে দলে টেনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ব্র্যাড হগের বদলি হিসেবে মিরাজকে দলে ভেড়ায় দলটি। সিপিএল ২০১৭ আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ৪ আগস্ট সেন্ট লুসিয়ার বিপক্ষে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করছে জাতীয় ক্রিকেট দল। ফিটনেস ক্যাম্প চলবে ২০ জুলাই পর্যন্ত। এরপর ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। এরপর স্কিল ডেভেলপমেন্ট। কন্ডিশনিং ক্যাম্প শেষে সিপিএল খেলার অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে মিরাজের।
প্রসঙ্গত, সিপিএলে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানেরও। বিশ্বসেরা অলরাউন্ডারের দল জ্যামাইকা তালাওয়াস।
/আরআই/কেআর/








