বাংলাদেশ সফরে আসার আগে ইনজুরিতে আরেকজনকে হারাল অস্ট্রেলিয়া। ২৪ ঘণ্টার ব্যবধানে দুজন ছিটকে পড়েছেন দল থেকে। অস্ট্রেলিয়ার পেস আক্রমণে বড় একটা ধাক্কা খেল তারা। মিচেল স্টার্কের পর পিঠের ব্যথায় সরে দাঁড়িয়েছেন আরেক পেসার জেমস প্যাটিনসন। তার জায়গায় ডাক পেয়েছেন ফাস্ট বোলার জ্যাকসন বার্ড।
দীর্ঘদিন ধরে পায়ের চোটে ভুগছিলেন স্টার্ক। কিন্তু সেরে উঠতে পারেননি পুরোপুরি। তার বদলে নেওয়া হয়েছে লেগস্পিনার মিচেল সোয়েপসনকে। এতে করে চারজনের পেস আক্রমণ হয়ে গেছে তিনজনের- প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও বার্ড।
পাকিস্তানের বিপক্ষে গত ডিসেম্বরে বক্সিং ডেতে শেষ টেস্ট খেলেছিলেন বার্ড। গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে অস্ট্রেলিয়া দলে থাকলেও খেলেননি তিনি। তবে দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে উদগ্রীব ছিলেন এ পেসার। এ স্বপ্নপূরণ হলো তার প্যাটিনসনের ইনজুরিতে।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহঅধিনায়ক), অ্যাস্টন আগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, উসমান খাজা, নাথান লিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মিচেল সোয়েপসন ও জ্যাকসন বার্ড। ক্রিকইনফো
/এফএইচএম/








