ভারতের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টে আসেলা গুনারত্নে ও নুয়ান প্রদীপের পর আরেকজন বাদ পড়লেন শ্রীলঙ্কার দল থেকে। সিরিজের দ্বিতীয় টেস্টে দলের সবচেয়ে সফল বোলার রঙ্গনা হেরাথকে দেওয়া হলো বিশ্রাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এ অভিজ্ঞ স্পিনার খেলবেন না পাল্লেকেলে টেস্টে।
২-০ তে এরই মধ্যে সিরিজ শ্রীলঙ্কার হাতছাড়া হয়েছে। তার উপর মাসখানেক পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। তাই দুই বছরেরও বেশি সময় পর হেরাথকে ছাড়া টেস্ট দল নামানোর সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান নির্বাচকরা।
পাল্লেকেলেতে ১২ আগস্টের এ টেস্টে নতুন করে দুইজন খেলোয়াড়কে যুক্ত করা হবে। হেরাথের আগে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন প্রদীপ। তার শূন্যস্থান পূরণের দায়িত্ব নেবেন দলের সিনিয়র স্পিনার দিলরুয়ান পেরেরা। এছাড়া মালিন্দা পুষ্পাকুমারা ও লাকশান সান্দাকান থাকবেন স্পিন বোলিংয়ে।
কলম্বো টেস্টে পিঠে সামান্য চোট পেয়েছিলেন হেরাথ। তাই চিকিৎসার জন্য কলম্বোতে থেকে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ৩৯ বছর বয়সী। তবে দল থেকে তার বাদ পড়ার কারণ চোট নয়। গত তিন সপ্তাহের ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৭১.১ ওভার বল করেছেন। দুই টেস্ট মিলে ভারতের বিপক্ষে করেছেন ৯১ ওভার।
লম্বা সময় ধরে নিয়মিত টেস্ট দলে খেলেছেন হেরাথ। সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি। এর আগে ২০১৪ সালের বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে পায়ের চোটের কারণে বাদ পড়েন এ স্পিনার। ক্রিকইনফো
/এফএইচএম/








