অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কেমন করবে? প্রশ্নটা এখন ক্রিকেটভক্তদের মুখে মুখে। সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন। সাকিবের বিশ্বাস, মাঠে সব পরিকল্পনার ঠিকঠাক বাস্তবায়ন ঘটাতে পারলে টাইগারদের পক্ষে দুই টেস্টেই জেতা সম্ভব।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য সমান সুযোগ দেখছেন দুই দলের। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কে জিতবে বলা কঠিন। যদিও হোম কন্ডিশনে খেলছি বলে এখানে ওদের চেয়ে আমাদের অভিজ্ঞতা বেশি। তবে এই কন্ডিশনে কম ম্যাচ খেললেও এখানে কীভাবে খেলতে হয়, সেটা ওরা জানে। ভারতে সিরিজ হেরে গেলেও ওরা কিন্তু প্রথম টেস্ট জিতেছিল। আমার মনে হয়, সিরিজে দুই দলের সামনেই পঞ্চাশ-পঞ্চাশ সুযোগ থাকবে।’
বাংলাদেশ দলের বোলিং নিয়ে অবশ্য কিছুটা দুশ্চিন্তায় অধিনায়ক, ‘আমাদের দলের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। ওদের কয়েকজন অভিজ্ঞ বোলার আছে। পাশাপাশি কয়েকজন খুব ভালো ব্যাটসম্যানও আছে। আমার মনে হয়, মাঠে যারা পরিকল্পনা ভালোভাবে প্রয়োগ করতে পারবে, তারাই এগিয়ে থাকবে। বিশেষ করে প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ।’
ম্যাচের ফল যা-ই হোক, ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই মুশফিকের লক্ষ্য, ‘গত আড়াই বছরের ধারাবাহিক পারফরম্যান্স আজ আমাদের এখানে নিয়ে এসেছে। দু-একটা ম্যাচ জেতার জন্য নয়, ধারাবাহিকতার জন্য ক্রিকেট বিশ্ব আমাদের সমীহ করছে। বেশ কিছু দিন ধরেই হোম কন্ডিশনে আমরা ভালো খেলছি। ২-০ ব্যবধানে সিরিজ জয় অবশ্যই সম্ভব, কিন্তু সেজন্য আমাদের অনেক লড়াই করতে হবে। কারণ আমরা এমন একটা দলের সঙ্গে খেলছি, যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে সক্ষম।’








