ক্যারিয়ারের মাইলফলকের ম্যাচে বিশ্ব রেকর্ড করলেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি ‘নট আউট’ থাকার কৃতিত্ব এখন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়কের। বৃহস্পতিবার হাফসেঞ্চুরির জন্য এক রানের আক্ষেপ থাকলেও সবচেয়ে বেশিবার ওয়ানডেতে অপরাজিত থাকার আসনটি বুধবার একার করে নিলেন ধোনি।
পাল্লেকেলেতে আগের ওয়ানডেতে এ রেকর্ডে যুগ্মভাবে শন পোলক ও চামিন্ডা ভাসের সঙ্গে ভাগ বসান ধোনি। ওই ম্যাচে ৬৭ রানে অপরাজিত থেকে দলকে ৬ উইকেটে জেতান এ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। সিরিজের দ্বিতীয় ম্যাচেও তিনি অপরাজিত ছিলেন ৪৫ রানে।
বুধবার ভারতের স্কোরবোর্ডে ৫ উইকেটে ৩৭৫ রান তুলতে ধোনি টানা তৃতীয় ম্যাচ নট আউট থাকলেন ৪৯ রানে। ৪২ বলে ৫ চার ও ১ ছয় মারেন নিজের ৩০০তম ওয়ানডেতে। মাত্র ১ রানের জন্য ১৩তম খেলোয়াড় হিসেবে ৯৯তম আন্তর্জাতিক ফিফটি পাননি ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।
সেরা ফিনিশার খ্যাত ধোনি নট আউট থেকেছেন ৭৩ ওয়ানডেতে। ৭২ বার অপরাজিত থেকে এ তালিকায় দুই নম্বরে নেমে গেলেন পোলক ও ভাস। স্পোর্টসকিডা








