মিরপুর টেস্টের আগে আবহাওয়ার পূর্বাভাস মোটেও ভালো ছিল না। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে। যদিও বৃষ্টি বাগড়া বাধায়নি খুব একটা। তবে টেস্ট শুরুর আগের কয়েকদিনে বৃষ্টি যে দাপট দেখিয়েছিল, তাতে আউটফিল্ডের অবস্থা ছিল শোচনীয়। ম্যাচ চলাকালীনই উঠেছিল প্রশ্ন, এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, মিরপুরের আউটফিল্ড ছিল ‘বাজে’। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এটাও নিশ্চিত করেছে, ইতিমধ্যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ‘নিজেদের পক্ষে’ যুক্তি উপস্থাপন করতে বলেছে।
নাটকের কোনও কমতি ছিল না অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে। নিরাপত্তার ‘অজুহাতে’ সিরিজ বাতিল, এরপর নতুন সূচিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ) ও খেলোয়াড়দের দ্বন্দ্বে আবারও সংশয়ের মুখে পড়ে সিরিজ। শেষ পর্যন্ত নির্বিঘ্নে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গেলেও আলোচনা শেষ হচ্ছে না। এবার প্রশ্ন উঠেছে মিরপুরের প্রথম টেস্টের আউটফিল্ড নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টের আউটফিল্ডকে ‘বাজে’ হিসেবে উল্লেখ করেছে আইসিসি বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিবৃতিতে জানিয়েছে, “ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ঘোষণা করছে, ২৭ থেকে ৩০ আগস্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে দায়িত্ব পালন করা আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শেরে বাংলা স্টেডিয়ামের আউটফিল্ডকে ‘বাজে’ হিসেবে উল্লেখ করেছেন।”
মিরপুরের আউটফিল্ডের অবস্থা নিয়ে ক্রো আইসিসির কাছে তার প্রতিবেদন জমা দেওয়ার পর সংস্থাটি প্রকাশ করেছে এই বিবৃতি। তার প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইসিসি ইতিমধ্যে বিষয়টি জানিয়েছে বিসিবিকে। বিবৃতির পরের অংশে আইসিসি নিশ্চিত করেছে তা, ‘প্রতিবেদনটি পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, যারা ১৪ দিনের মধ্যে কারণ ব্যাখ্যা করবে।’
মিরপুরের আউটফিল্ডের ব্যাপারে বিসিবি নিজেদের অবস্থান ব্যাখ্যা করার পর আইসিসি সেটি পর্যবেক্ষণ করবে। প্রক্রিয়াটি পরিষ্কার করেছে আইসিসি এভাবে, ‘বিসিবির দেওয়া ব্যাখ্যা পর্যবেক্ষণ করবেন আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস ও ম্যাচ রেফারি রঞ্জন মধুগালে।’








