নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন উমর আকমল! মিকি আর্থারের বিরুদ্ধে গত আগস্টে অভিযোগ তুলে একটি তদন্ত কমিটির দাবি করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। উল্টো ডিসিপ্লিনারি কমিটি গঠন করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং কেন্দ্রীয় চুক্তিবিধি ভঙ্গের দায়ে আকমলকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হলো।
সঙ্গে আরও দুটি শাস্তি যোগ হয়েছে- জরিমানা দিতে হবে ১০ লাখ রুপি এবং আগামী দুই মাস বিদেশে কোনও টি-টোয়েন্টি লিগ খেলতে পারবেন না আকমল।
সাংবাদিকদের সামনে হাজির হয়ে গত মাসে আকমল অভিযোগ তোলেন, লাহোরে ট্রেনিং ক্যাম্প চলার সময় অনুশীলন সেশনে বাজে ভাষা ব্যবহার করেছিলেন কোচ আর্থার। যদিও বিষয়টি নির্দ্বিধায় প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ আফ্রিকান কোচ।
এরপরই বিষয়টি নিয়ে মাথা ঘামায় পিসিবি। বোর্ড পরিচালক হারুন রশীদ, মিডিয়া পরিচালক আমজাদ হুসেইন ও আইনি মহাব্যবস্থাপক সালমান নাসিরের ডিসিপ্লিনারি কমিটি কথা বলেন ডানহাতি ব্যাটসম্যানের সঙ্গে। তদন্ত শেষে তারা আকমলের দোষ খুঁজে পান। ডন, ক্রিকইনফো







