বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ডায়নামাইটস আবারও শিরোপা-স্বপ্নে বিভোর। আগামী মাসে অনুষ্ঠেয় বিপিএলের পঞ্চম আসরে সাফল্যের ব্যাপারে আশাবাদী দলটি।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ডায়নামাইটসের জার্সি উন্মোচন হয়েছে। জার্সি উন্মোচন করেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ছাড়াও অনুষ্ঠানে ছিলেন ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজির মালিক শায়ান এফ রহমান, কোচ খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাহী কর্মকর্তা ওবেদ আর নিজাম প্রমুখ।
সাকিব ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত এবার ডায়নামাইটসের সঙ্গী। বিদেশিদের মধ্যে আছেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শেন ওয়াটসন, কুমার সাঙ্গাকারা, সুনীল নারাইন, এভিন লুইসের মতো তারকারা। সব মিলিয়ে দল নিয়ে সন্তুষ্ট শায়ান এফ রহমান, ‘আমাদের দল বেশ ভালো হয়েছে। শিরোপা ধরে রাখার চাপ থাকবেই। তবে আমি খেলোয়াড়দের আশ্বাস দিচ্ছি, তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। তারা চাপমুক্ত হয়েই খেলবে।’
কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘চ্যাম্পিয়ন দলের ওপরে চাপ থাকেই। গতবার আমরা নির্ভীক, আকর্ষণীয় ক্রিকেট খেলেছিলাম। এবারও আমরা ভালো দল গড়েছি। এবারের বিপিএল অনেক রোমাঞ্চকর হবে, কারণ এবার প্রত্যেকটি দলই শক্তিশালী। পরিকল্পনার সফল বাস্তবায়ন হলে আমাদের শিরোপা ধরে রাখার জোরালো সম্ভাবনা আছে।’
দলে তারকার ছড়াছড়ি, তাই একটা ‘মধুর সমস্যা’য় পড়ার শঙ্কা সুজনের মনে, ‘গত বছর ইনজুরিতে পড়া এভিন লুইস ও আন্দ্রে রাসেলের বিকল্প আমাদের হাতে ছিল না। এবার সব কিছু মাথায় রেখেই দল তৈরি করা হয়েছে। দলে এত তারকা খেলোয়াড় আছে যে একাদশ সাজাতে সাকিব আর আমার বেশ সমস্যা হতে পারে!’
অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল বিদেশি খেলোয়াড়দের বার্তা দিয়ে গড়া ভিডিও ক্লিপিং। দলের প্রতি শুভকামনা জানিয়ে ওয়াটসন বলেছেন, ‘বিপিএলে ঢাকা ডায়নামাইটসের পক্ষে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আশা করি, দারুণ রোমাঞ্চকর একটা টুর্নামেন্ট হবে।’ ভিডিও বার্তায় শিরোপা ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন গত দুই আসরে ঢাকা ডায়নামাইটসে খেলা সাঙ্গাকারা। ছিল কেভন কুপার আর এভিন লুইসের শুভকামনাও।








