দুই মৌসুম ধরে পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির সঙ্গে তামিম ইকবাল। ২০১৬ সালে দলের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশনা মানতে গিয়ে সেই তামিমকে তৃতীয় মৌসুমে নিলামের জন্য ছেড়ে দিলো গতবারের চ্যাম্পিয়নরা। তবে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতি মুগ্ধতা তাদের কাটেনি। ৩০ বছর বয়সী এ তারকাকে রেখে দিয়েছে পেশাওয়ার।
নতুন করে মুলতান সুলতানস পিএসএলে যোগ দেওয়ায় এখন দলের সংখ্যা ৬। পিসিবির আদেশ অনুযায়ী নবাগত দলটি ছাড়া বাকি ৫ ফ্র্যাঞ্চাইজি আগের আসরের ১০ জন খেলোয়াড়কে রেখে দিতে পেরেছে- প্লাটিনাম, গোল্ড ও ডায়মন্ড ক্যাটাগরির ২ জন করে এবং সিলভার থেকে তিন জন ও একজন ইমার্জিং ক্যাটাগরির। বাকি খেলোয়াড়দের ছেড়ে দিতে বলা হয়েছে নিলামের জন্য। এখান থেকেই ১০ জন খেলোয়াড়কে নিয়ে আগামী ১০ অক্টোবর পিসিবির কাছে জমা দেবে মুলতান। অন্য দলগুলোও অক্টোবরের শেষদিকের নিলাম থেকে খেলোয়াড় নিয়ে দলের ফাঁকা জায়গা পূরণ করবে।
আগের দুই মৌসুমেই পেশাওয়ারের হয়ে খেলেছেন তামিম। ৬ ম্যাচে ২৬৭ রান করে ২০১৬ সালে দলটির শীর্ষ ব্যাটসম্যান হয়েছিলেন বাংলাদেশি ওপেনার। তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছিল দলটি। গতবারও পেশাওয়ারের জার্সি পরেছিলেন তামিম। পুরো প্রতিযোগিতা শেষ করতে পারেননি জাতীয় দলের খেলা থাকায়। শ্রীলঙ্কা সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে সেখানে ৫ ম্যাচ ৯৪ রান করেছিলেন তামিম, সর্বোচ্চ ৬২ রান ছিল তার ব্যাটে। সব মিলিয়ে ১১ ম্যাচে ৩৬১ রান তার। এবার তাকে ছেড়ে দেওয়া হলো নিলামের জন্য। দেখা যাক, বাংলাদেশি তারকা ব্যাটসম্যানের নতুন ঠিকানা কোথায় হয়!
অন্যদিকে ২০১৬ সালের পিএসএলে করাচি কিংসের হয়ে খেলেছিলেন সাকিব। গতবার খেললেন পেশাওয়ারের হয়ে। দুই মৌসুমে খুব একটা ভালো করতে পারেননি তিনি। করাচিতে ৮ ম্যাচ খেলে মাত্র ১২৬ রান করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতবার পেশাওয়ারকে কোয়ালিফায়ারে উঠিয়ে দেশে ফেরেন তিনি। যদিও খুব বেশি অবদান তার নেই ব্যাট হাতে, ৫ ম্যাচে মাত্র ৫৪ রান। বল হাতে ১৩ ম্যাচে নেন মাত্র ৮ উইকেট। আর ব্যাট হাতে সব মিলিয়ে পিএসএলে তার রান ১৮০। ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিবকে ধরে রেখেছে পেশাওয়ার।








