আবুধাবি টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও হয়নি তা। দুবাই টেস্টে ভুলটা আর করেননি দিমুথ করুণারত্নে। দিবারাত্রি টেস্টে শ্রীলঙ্কান ওপেনার তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। পাকিস্তানের বোলাররা তাকে আউটই করতে পারেননি সারাদিনে, অপরাজিত আছেন ১৩৩ রানে। তার ধৈর্যশীল এই ইনিংসের ওপর ভর দিয়ে শ্রীলঙ্কাও রয়েছে সুবিধাজনক জায়গায়। দিন শেষ করেছে সফরকারীরা ৩ উইকেটে ২৫৪ রানে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ধৈর্যের পরীক্ষা দিয়ে করুণারত্নে খেলেছিলেন ৯৩ রানের ইনিংস। একটুর জন্য সেঞ্চুরি মিস করা এই ওপেনার দিবারাত্রির টেস্টে মেটালেন আক্ষেপ। দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিন শেষ করেছেন হার না মানা ১৩৩ রানের ইনিংস খেলে। ২৮১ বলের ইনিংসটি সাজিয়েছেন করুণারত্নে ১৫ চার ও এক ছক্কায়। যোগ্য সঙ্গ পেয়েছেন তিনি দিনেশ চান্ডিমালের কাছ থেকে। শ্রীলঙ্কান অধিনায়ক দিন শেষ করেছেন ৪৯* রানে।
আবুধাবি টেস্টটা নাটকীয়ভাবে জিতে নেয় শ্রীলঙ্কা। জয়ের পাল্লা পাকিস্তানের দিকে বেশি থাকলেও রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিংয়ে চমৎকার এক জয় পায় লঙ্কানরা। এগিয়ে থেকে শুরু করা দুবাই টেস্টে তাদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশের। সেই লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে নেমে করুণারত্নের সঙ্গে কৌশল সিলভার শুরুটা মন্দ ছিল না। যদিও কৌশল ইনিংস লম্বা করতে পারেননি। ২৭ রানে এই ওপেনারকে ফেরান ইয়াসির শাহ।
তার আউটের পর অভিষিক্ত সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে রান এগিয়ে নেওয়ার কাজে লেগে পড়েন করুণারত্নে। দাঁড়িয়েও গিয়েছিল জুটিটা। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছিলেন সামারাবিক্রমা। দ্রুত রান তুলতে যাওয়ার খেসারতও দিতে হয়েছে তাকে। ৩৫ বলে ৩৬ রান করে এই ব্যাটসম্যান বোলার মোহাম্মদ আমিরের হাতেই পড়েন ধরা।
ওই ধাক্কা সামলে ওঠার আগেই আবার উইকেট হারায় শ্রীলঙ্কা। এবার মাত্র ১ রান করে ফেরেন কুশল মেন্ডিস। আসাদ শফিকের হাতে ধরা পড়েন তিনি ইয়াসির শাহ’র বলে। ওই উইকেট হারানোর পরই শুরু করুণারত্নে-চান্ডিমালের প্রতিরোধ। ক্রিকইনফো








