টেস্ট সিরিজে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে সাকিব আল হাসান এখন দক্ষিণ আফ্রিকার মাটিতে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গী ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা, নাসির হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ সময় রবিবার দুপুরে জোহানেসবার্গ পৌঁছেছেন চারজন। আগেই পৌঁছে যাওয়ায় ১২ অক্টোবর বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলতে বাধা নেই তাদের। ১৫ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবের সঙ্গে ছিলেন নাসিরও। অনেক দিন টেস্ট ক্রিকেটের বাইরে থাকা মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জুনের চ্যাম্পিয়নস ট্রফির পর। আর সাইফ প্রথম সুযোগ পেলেন ওয়ানডে দলে।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মাশরাফির আশঙ্কা, ওয়ানডে সিরিজেও কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। যাওয়ার আগে ‘নড়াইল এক্সপ্রেস’ বলেছেন, ‘আমাদের ওয়ানডে দল তো আমূল বদলে যাবে না। যারা আগে ওয়ানডে খেলেছে, তাদের নিয়েই একাদশ গড়তে হবে। তবে দলে যত ভালো খেলোয়াড় থাকুক না কেন, উপমহাদেশের যে কোনও দলকে দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। বিষয়টা মাথায় রাখা প্রত্যেক খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ।’
মাশরাফি অবশ্য পেছনের কথা ভুলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সতীর্থদের, ‘আমাদের নেতিবাচক মানসিকতা না দেখিয়ে ওয়ানডে সিরিজ নিয়ে অন্যভাবে চিন্তা করা উচিত। ওয়ানডেতে কিছু করে দেখানোর এটাই সুযোগ।’
জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশ কোনও ওয়ানডে ম্যাচ খেলেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেললেও সেখানে ছিল না সীমিত ওভারের ম্যাচ। তাই চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি। মাঝের সময়ে অবশ্য বসে ছিলেন না বাংলাদেশের সফলতম অধিনায়ক, জাতীয় ক্রিকেটে লিগের দুটো ম্যাচ খেলে তৈরি রেখেছেন নিজেকে। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে খেললেন তিনি।
১৫, ১৮ ও ২২ অক্টোবর বাংলাদেশের তিনটি ওয়ানডের ভেন্যু কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডন। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে দুটি টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে টাইগাররা।
বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুমিনুল হক সৌরভ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাইফউদ্দিন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম








