প্রস্তুতি ভালো হলো না মাশরাফিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ২২:৪৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২২:৫১

প্রস্তুতি ভালো হলো না মাশরাফিদের আগামী রবিবার কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ব্লুমফন্টেইনে বাংলাদেশের প্রস্তুতিটা সন্তোষজনক হয়নি। ব্যাটে-বলে কোনও বিভাগে আলো ছড়াতে পারেনি তারা। বৃহস্পতিবারের ঘাম ঝরানো ম্যাচে কেবল প্রাপ্তি সাকিব আল হাসান ও সাব্বির রহমানের হাফসেঞ্চুরি। তাদের ব্যাটে ২৫৫ রানের পুঁজি করে বাংলাদেশ। সহজ লক্ষ্য দিয়ে কোনও প্রতিরোধ গড়তে পারেনি বোলাররা। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ ম্যাচটি জিতে নেয় ৬ উইকেটে, ২১ বল হাতে রেখে।

তামিম ইকবাল একাদশে ছিলেন না। টস জয়ী বাংলাদেশের ব্যাটিংয়ে শুরু করেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। বাজে পারফরম্যান্সের বৃত্ত থেকে সৌম্য বের হয়ে আসতে পারেননি এ ম্যাচেও। মাত্র ৩ রানে রবি ফ্রাইলিঙ্কের বলে উইকেট হারান এ ওপেনার। ৬ চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দেওয়া ইমরুল পরের বলে সৌম্যর পথ ধরেন ২৭ রানে।

লিটন দাসকে সঙ্গী করে মুশফিকুর রহিম প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তাদের জুটি ভাঙে ৩০ রানে। তারা দুজনই পরপর দুই ওভারে সাজঘরে ফিরে যান। লিটন করেন ৮ রান, আর ২২ রান আসে মুশফিকের ব্যাটে।

৬৩ রানে বাংলাদেশ ৪ উইকেট হারানোর পর সাকিব দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহর সঙ্গে। ৫৭ রানের জুটি গড়েন তারা। মাহমুদউল্লাহ ২১ রানে আউট হলে ইনিংসের সেরা ৭৬ রানের জুটি আসে সাকিব ও সাব্বিরের ব্যাটে। দুজনেই পান হাফসেঞ্চুরি। সাকিব ৬৭ বলে ৯ চারে ৬৮ রান করেন। কিছুক্ষণ পর সাব্বির ক্রিজ ছাড়েন ৫৪ বলে ৫২ রানে। দুটি চার ও তিনটি ছয় মারেন তিনি। পরের ব্যাটসম্যানরা ইনিংসকে লম্বা করতে পারেননি। ৪৮.১ ওভারে ২৫৫ রানে অলআউট বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার দলটির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ফ্রাইলিঙ্ক, মালুসি সিবোতো, এমবুলেলো বুদাজা ও অ্যারন ফাঙ্গিসো।

সহজ লক্ষ্যে নেমে মারকুটে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দলটির দুই ওপেনার এইডেন মারক্রাম ও ম্যাথু ব্রিৎসকে। দুজনের হাফসেঞ্চুরিতে একশ’র উপরে জুটি গড়ে স্বাগতিকরা। যদিও তাদের জুটিকে দেড়শ ছাড়াতে দেননি নাসির হোসেন। মারক্রামকে ফিরতি বলে ক্যাচ ধরেন বাংলাদেশি অলরাউন্ডার। প্রোটিয়া ওপেনার করেন ৬৮ বলে ৮২ রান। ভাঙে ১৪৭ রানের শক্ত জুটি।

দারুণ এক ইনিংস খেলে ব্রিৎসকে ৭১ রানে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজার শিকার হন। প্রোটিয়াদের ওয়ানডে দলে জায়গা পাওয়া জেপি দুমিনি ও এবি ডি ভিলিয়ার্সকে বেশিদূর এগোতে দেননি মাহমুদউল্লাহ। দুমিনি ৩৪ রানে মুশফিকের স্টাম্পিং হন। আর বাংলাদেশি উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ভিলিয়ার্স করেন ৪৩ রান।

খায়া জোন্ডো ও হেনরিক ক্লাসেন অপরাজিত থেকে দলকে জেতান। ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ২৫৭ রান করে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ।

মাশরাফি ৯ ওভারে ৪৭ রান দিয়ে পেয়েছেন এক উইকেট। সাকিব-মোস্তাফিজের বোলিং প্রস্তুতি ভালো হয়নি। ৫ ওভারে বাঁহাতি স্পিনার ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি। মোস্তাফিজ ৪৩ রান দিয়েছেন ৭ ওভারে, উইকেট পাননি তিনিও। নাসির একটি ও মাহমুদউল্লাহ পান দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ৪৮.১ ওভারে ২৫৫ (ইমরুল ২৭, সৌম্য ৩, লিটন ৮, মুশফিক ২২, সাকিব ৬৮, মাহমুদউল্লাহ ২১, সাব্বির ৫২, নাসির ১২, সাইফউদ্দিন ১৩*, মাশরাফি ১৭, মোস্তাফিজ ০; ফ্রাইলিঙ্ক ২/২৫, সিবোতো ২/৪৯, বুদাজা ২/৪১, ফাঙ্গিসো ২/৪৬)

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ- ৪৬.৩ ওভারে ২৫৭/৪ (মারক্রাম ৮২, ব্রিৎসকে ৭১, দুমিনি ৩৪, ডি ভিলিয়ার্স ৪৩, জোন্ডো ১০*, ক্লাসেন ৫*; মাশরাফি ১/৪৭, মোস্তাফিজ ০/৪৩, সাকিব ০/৩০, সাইফউদ্দিন ০/২৭, রুবেল ০/৪১, নাসির ১/৫২, মাহমুদউল্লাহ ২/১৩)

ফল: দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ ৬ উইকেটে জয়ী

সূচি:

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম