পঞ্চম রাউন্ডের প্রথম দিন রবিউল ইসলামের সেঞ্চুরিতে খুলনা বড় স্কোরের আভাস দিয়েছিল। দ্বিতীয় দিন জিয়াউর রহমানের শতকে দল পাঁচশ ছাড়িয়ে যায়। বরিশালের বিপক্ষে ৮ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। জবাব দিতে নেমে ৯২ রানেই ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে বরিশাল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে খুলনা। এদিন দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে ইনিংস ঘোষণা করে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথম দিন ৫২ রানে অপরাজিত থাকা জিয়াউর পান ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১৫২ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে যান এ ব্যাটসম্যান। আগের দিন ওপেনার রবিউল ১১৪ রানের ইনিংস খেলেছিলেন।
বরিশালের পক্ষে ১৪৮ রান দিয়ে ৪টি উইকেট নেন সোহাগ গাজী। এছাড়া সালমান হোসেন পেয়েছেন দুটি উইকেট।
খুলনাকে জবাব দিতে নেমে বেশ বিপদে পড়ে বরিশাল। মাত্র ৫ রানে দুই ওপেনার রাফসান আল মাহমুদ (১) ও শানিন হোসেনকে শূন্য রানে হারায় তারা। এরপর অধিনায়ক ফজলে মাহমুদকে নিয়ে ৭২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সালমান হোসেন। ব্যক্তিগত ৫৩ রানে তিনি আউট হলে দিনের শেষ ঘোষণা করা হয়। ফজলে ৩০ রান করেছিলেন। ক্রিজে আছেন নুরুজ্জামান ও মনির খান।
খুলনার হয়ে বল হাতে আল আমিন, রবিউল, আবদুর রাজ্জাক ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট নেন।








