প্রথম ইনিংসে চট্টগ্রামের ২৬০ রানের জবাবে ১৪৩ রানের লিড নেয় রাজশাহী। প্রথম ইনিংসে তারা করে ৪০৩ রান। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তৃতীয় দিন শেষেও পিছিয়ে চট্টগ্রাম। ৩ উইকেটে তারা করেছে ১০৯ রান। ৩৪ রানে এগিয়ে আছে রাজশাহী।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩১ রানে পিছিয়ে থেকে রবিবারের খেলা শুরু করেছিল রাজশাহী। লেট অর্ডারে হামিদুর রহমানের ৭৩ রানের উপর ভর করে প্রথম ইনিংসে চট্টগ্রামকে পেছনে ফেলে তারা।
রবিবার ৫ উইকেটে ২২৯ রান নিয়ে ব্যাট করতে নামে রাজশাহী। এদিন আরও ১৭৪ রান যোগ করে অলআউট হয় তারা।
চট্টগ্রামের বোলারদের মধ্যে মেহেদি হাসান, হাসান মাহমুদ, ওয়াদুল ইসলাম ও ইফতেখার সাজ্জাদ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া শাখওয়াত হোসেন নিয়েছেন একটি উইকেট।
১৪৩ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। এদিন ৩০ ওভারে তিন উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে। তাসামুল হক ৩২ ও সাজ্জাদুল হক ১৬ রানে অপরাজিত আছেন।
রাজশাহীর বোলারদের মধ্যে ফরহাদ রেজা, শরিফুল ইসরাম ও সাকলাইন সজীব একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে সাজ্জাদুল হক ও সাঈদ সরকারের জোড়া হাফসেঞ্চুরিতে চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৬০ রানের সংগ্রহ দাঁড় করায়।








