বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের বোলার অন্বেষণ কার্যক্রম ‘ফিউচার সিক্সার্স’। এই কার্যক্রমের চূড়ান্ত বাছাইয়ে বিচারকের দায়িত্ব পালন করতে মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন ওয়াকার ইউনিস। তবে ঢাকায় বেশিক্ষণ থাকেননি, দুপুরেই চলে গেছেন সিলেটে।
সিলেটে প্রাথমিকভাবে বাছাই করা বোলারদের মধ্যে থেকে সেরা ১০ বোলার নির্বাচিত করবেন ওয়াকার। বুধবার তার হাত থেকেই বিজয়ীরা নেবেন পুরস্কার। এই ১০ বোলার সিলেট সিক্সার্সের সঙ্গে থেকে অনুশীলনের সুযোগ পাবেন। সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচনও করবেন বল হাতে পাকিস্তানের অনেক জয়ের নায়ক ওয়াকার।
মঙ্গলবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন ওয়াকার। বুধবার ব্যস্তময় দিনে জার্সি ফটোশুট, স্বাক্ষর করা স্যুভেনির বিতরণ এবং ফেসবুক লাইভে ক্রিকেট-ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন সাবেক গতিতারকা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ওয়াকার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রথমবার বাংলাদেশের কোনও ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে এসেছি। সিলেট সিক্সার্সের জন্য ভবিষ্যত তারকা খোঁজা হচ্ছে। আশা করি, সিলেট থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করতে পারবো। আর তারা ভবিষ্যতে বাংলাদেশকে ভালো সার্ভিস দেবে।’








