নিউজিল্যান্ডের ক্রিকেটে শতবছরের রেকর্ড ভাঙলেন ব্র্যাড স্মুলিয়ান। সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও নর্দার্ন ডিসট্রিক্টসের ড্র হওয়া ম্যাচে রেকর্ড ২০৩ রান করেছেন তিনি। দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে এটাই কারও ব্যাটে সর্বোচ্চ রান।
স্মুলিয়ানের ডাবল সেঞ্চুরি টপকে গেছে কেন্টারবুরির জর্জ ওয়াটসনকে। ১৮৮০-৮১ মৌসুমে ১৭৫ রান করেছিলেন ওয়াটসন। এতদিন ওটাই ছিল প্রথম শ্রেণীর অভিষেকে রেকর্ড রান।
৮৫ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ৭ উইকেটে ৩১৩ রান এনে দেন স্মুলিয়ান। তার ২০৭ বলের ইনিংসে ছিল ৩১ চার ও তিন ছয়। রেকর্ড গড়ার পথে ডগ ব্রেসওয়েলের (৬৩) সঙ্গে ২২৪ রানের জুটি গড়েন স্মুলিয়ান।
অবশ্য তার দল চারদিনের এই ম্যাচে ৩০৮ রানের টার্গেটে নেমে ভালো প্রতিরোধ গড়েছিল। ৭ উইকেটে ২২৩ রানে দিন শেষ করে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান করেছেন স্মুলিয়ান।








