ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার এখন বেন স্টোকস। মর্যাদার সিরিজ অ্যাশেজে তাকে ঘিরেই স্বপ্ন বুঁনছিল ইংলিশরা। অথচ এই অলরাউন্ডারকে ছাড়াই অস্ট্রেলিয়ায় উড়াল দিতে হচ্ছে ইংল্যান্ডকে। পানশালার বাইরে মারামারি-কাণ্ডে আপাতত ইংল্যান্ড দল থেকে উপেক্ষিত তিনি। গুরুত্বপূর্ণ এই সিরিজে স্টোকসের অভাব ভীষণভাবে টের পাবে ইংলিশরা। যদিও অধিনায়ক জো রুট এই ইস্যু নিয়ে পড়ে থাকতে চাইছেন না। স্টোকসকে ছাড়াই নিজেদের এগিয়ে যাওয়ার কথা শুনিয়েছেন এক সাক্ষাৎকারে।
অ্যাশেজ এখন ইংলিশদের দখলে। সবশেষ ঘরের মাঠে ২০১৫ সালে ৩-২ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। যদিও এবার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সিরিজটা অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ায়। শেষবার অতিথি হয়ে অ্যাশেজে নামার স্মৃতি যে মোটেও সুখকর নয় ইংল্যান্ডের, হোয়াইটওয়াশ হয়েছিল ৫-০-তে! এবার সেই অস্ট্রেলিয়ার মাটিতে নামতে হচ্ছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভালো পারফরমার স্টোকসকে ছাড়া।
মারামারি-কাণ্ডে এখনও দোষী প্রমাণিত হয়নি এই অলরাউন্ডার, চলছে পুলিশের তদন্ত। যদিও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করেছে তাকে। যাতে শুরুতে অ্যাশেজের স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবে থাকলেও পরে বাদ পড়েন স্টোকস। অ্যাশেজের পুরোটা মিস করবেন কিনা তিনি, সেটা এখনও নিশ্চিত নয়। তবে রুট তাকে ছাড়াই পরিকল্পনা সাজানোর কথা শুনিয়েছেন। একই সঙ্গে জানিয়ে রেখেছেন, ‘সময় এখন অন্যদের দাঁড়ানোর’।
২৩ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। ওই ম্যাচে স্টোকসকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি বাকি চার ম্যাচও মিস করতে পারেন তদন্ত শেষ না হলে। শেষ পর্যন্ত যদি স্টোকসকে না পাওয়া যায়, তাহলে? উত্তরে রুটকে আত্মবিশ্বাসীই শোনালো, ‘ওকে পুরো সিরিজে না পেলে আমাদের পরিকল্পনা সাজানো আছে। তদন্ত এখনও চলছে। আর সবার মতো আমরাও অন্ধকারে আছি যে আসলে কী ঘটেছিল। যাইহোক পরিস্থিতি কী হয়, দল হিসেবে আমরা সেই অনুযায়ী পরিকল্পনা সাজাবো।’
স্টোকস গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম করে যাচ্ছেন ব্যাটিং ও বোলিংয়ে। এখন অন্যদের দাঁড়ানোর সময় এসেছে বলে মনে করছেন রুট, ‘দলকে বেন (স্টোকস) অনেক কিছু দিয়েছে। এখন সুযোগ এসেছে অন্যদের দাঁড়ানোর। অনেক সময় দেখা যায় কঠিন পরিস্থিতিতে একজন খেলোয়াড় নিজের পারফরম্যান্সেই অবাক হয় অন্যদের সঙ্গে। সে যে এতটা ভালো করতে পারে, সেটা এমনকি নিজেই ভাবেনি।’ সঙ্গে যোগ করলেন, ‘এটা হলো ওই ধরনের একটা উপলক্ষ, যখন অন্য কেউ সুযোগ পাচ্ছে আরেকটি।’
অধিনায়ক হিসেবে প্রথমবার অ্যাশেজে নামতে যাচ্ছেন রুট। ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষাতেই পাচ্ছেন না স্টোকসকে। এজন্য কি রাগ আছে স্টোকসের ওপর, এমন প্রশ্নে রুটের উত্তর, ‘বিষয়টা আমার আর বেনের মধ্যেই থাক। ওর সম্পর্কে কিছু বলতে চাই না। তবে ওকে না পেয়ে আমি হতাশ, বেনও অবশ্যই খুব হতাশ।’ ক্রিকইনফো, ক্রিকবাজ








