৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সিলেট দিয়ে শুরু হতে যাওয়া এবারের টুর্নামেন্টে খেলতে সবার আগে ২৫ অক্টোবর এই শহরে পৌঁছেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলনও করছে শিরোপা প্রত্যাশী দলটি। প্রথমে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু হলেও ইতিমধ্যে বিদেশি খেলোয়াড়রা যোগ দিয়েছেন দলের সঙ্গে। মঙ্গলবার যেমন যোগ দিলেন জস বাটলার, মোহাম্মদ নবী ও রশিদ খান।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে দলের সঙ্গে যোগ দেন নবী। গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা এই আফগান অলরাউন্ডার এবারই প্রথম কুমিল্লার হয়ে মাঠে নামবেন। তার জাতীয় দল সতীর্থ রশিদ খানও যোগ দিয়েছেন দলের সঙ্গে। এসে পড়েছেন ইংলিশ হার্ডহিটার ব্যাটসম্যান বাটলারও। এছাড়া বুধবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও ডোয়াইন ব্রাভোর। দলটির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে বাংলা ট্রিবিউনকে।
বিপিএলের চূড়ান্ত প্রস্তুতি নিতে বুধবার থেকে শুরু হবে কুমিল্লার অনুশীলন। প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলন শুরু করবেন সিলেটে পৌঁছে যাওয়া তিন বিদেশি ক্রিকেটার।
সিলেটে দুটি ম্যাচ খেলবে কুমিল্লা। তাদের প্রথম ম্যাচ ৫ নভেম্বর স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে। পরের দিন প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে কুমিল্লা। ইনজুরির কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তামিম ইকবাল। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:
দেশি: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।
বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভোর, জস বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কলিন মুনরো, ফখর জামান, সোলোমন মীর, রুম্মন রইস।








