‘প্রেম করেন?’ এমন প্রশ্নে সব সময় লাজুক হাসি দিতেন তাসকিন আহমেদ। তিন মাস আগেও তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘বিয়েটা কবে করছেন?’ বাংলা ট্রিবিউনের প্রতিবেদককে তখন বলেছিলেন, ‘২০১৮ সালের আগে নয়।’ কিন্তু সবাইকে বিস্মিত করে মঙ্গলবার রাতে বিয়ে করলেন পেস তারকা। স্ত্রী রাবেয়া নাঈমার সঙ্গে তার চেনাজানা ছেলেবেলা থেকে। প্রেমের গুঞ্জন সবসময় উড়িয়ে দিলেও এটা আসলে প্রেমেরই বিয়ে!
তাসকিনের বাবা এম এ রশিদ মনু বাংলা ট্রিবিউনকে বিয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তাসকিন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই বিয়ের সব কিছু গুছিয়ে গিয়েছিল। তাই হুট করে বিয়ে হয়নি। তাসকিন আর রাবেয়া একে অপরকে পছন্দ করে। গত বছর তাদের বাগদানও হয়েছে। বিপিএলের আগে তাসকিনকে চিটাগং ভাইকিংস দলে যোগ দিতে হবে। তাই দ্রুত বিয়ের কাজটা শেষ করতে হয়েছে।’
সাদামাটাভাবে বিয়েটা হলেও সামনে জমকালো আয়োজন করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তাসকিনের বাবা, ‘আপাতত কাছের মানুষজন ছাড়া কাউকে জানানো হয়নি। সামনে সময় বের করে অনেক বড় অনুষ্ঠান করা হবে।’ তাসকিনের শুভদিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার বাবা, ‘আমার ছেলে আজ নতুন জীবন শুরু করেছে। সবাই তাসকিনের জন্য দোয়া করবেন।’
দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন। ঢাকার পা রাখার ১২ ঘণ্টা যেতে না যেতেই শুভ কাজটা সেরে ফেললেন গতিতারকা। বিয়ে হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে।
তাসকিনের স্ত্রী রাবেয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী। জাতীয় দলের পেস সেনসেশনও পড়ছেন একই বিশ্ববিদ্যালয়ে।








