দক্ষিণ আফ্রিকা সফরের সীমিত ওভারের সিরিজে সুযোগ হয়ে যায় তার। সেখানে খুব একটা সুবিধা করতে না পারলেও ভিন্ন কন্ডিশনে খেলে বিস্তর অভিজ্ঞতা অর্জন করেছেন সাইফউদ্দিন। সেই অভিজ্ঞতাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজে লাগাচ্ছেন এই অলরাউন্ডার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
মঙ্গলবার তার বোলিংয়ের ওপর ভর করেই চিটাগং ভাইকিংসকে ১৪৩ রানে আটকে রাখতে পারে কুমিল্লা। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় সাইফউদ্দিন তুলে নেন ৩ উইকেটে। এমন পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। সাফল্যের রহস্য উন্মোচন করতে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা আমার দ্বিতীয় বিপিএল। প্রথম আসরে কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু এবার খুব উপভোগ করছি। দক্ষিণ আফ্রিকা সফর আমার জন্য অনেক কিছু শেখার জায়গা ছিল। সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা এখানে কাজে লাগাচ্ছি।’
দলের জয়ে অবদান রাখতে পেরে ভীষণ খুশি সাইফউদ্দিন, ‘এটা টুর্নামেন্টে আমাদের প্রথম জয়। ভালো লাগছে, বিশেষ করে জয়ের পিছনে আমার অবদান ছিল বলে। এ জন্য ভালো লাগাটা অনেক বেশি।’
আউট হওয়ার আগে সৌম্য সরকার ৩৩ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলছিলেন। কুমিল্লার জন্য ওই মুহূর্তে জুটি ভাঙা গুরুত্বপূর্ণ ছিল। দায়িত্বটা পেয়েই সৌম্যকে পরিকল্পনা করে আউট করেছেন তরুণ এই পেস বোলিং অলরাউন্ডার, ওই উইকেটটি নিয়ে তিনি বললেন, ‘উনি (সৌম্য) ভালো খেলছিলেন। বেশ কিছু বাউন্ডারি মেরেছেন। তখন তার উইকেট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। আমি চেষ্টা করেছি তাকে ডট খেলানোর। যার কারণে সফল হয়েছি।’








