দলে বদল আনার কোনও কারণ দেখছেন না স্টিভেন স্মিথ। ব্রিসবেনে ১০ উইকেটে জেতা দল নিয়েই অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে মোকাবিলা করতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক। অ্যাডিলেড ওভালে অ্যাশেজের প্রথম দিবারাত্রির টেস্ট শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
মিডিয়াম পেসার চ্যাড সেয়ার্সকে অভিষেকের জন্য তাই অপেক্ষায় থাকতে হচ্ছে আরও। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের পেস আক্রমণেই সন্তুষ্ট স্মিথ। অ্যাডিলেডে এই পেস আক্রমণত্রয়ীর ওপর আস্থা রাখছেন তিনি।
দ্বিতীয় টেস্টেও জয় পেতে আশাবাদী স্মিথ বলেছেন, ‘আশা করি, আমরা দ্রুত ওদের টপ অর্ডারে ধস নামাতে পারবো এবং আগের ম্যাচের মতো সাফল্য পাবো।’
স্লেজিং নিয়ে ইংলিশরা প্রশ্ন তুললেও আগ্রাসী মনোভাব থেকে সরে আসবে না অস্ট্রেলিয়া। স্মিথ বলেছেন, ‘এটা অ্যাশেজ সিরিজ। মাঠে ও মাঠের বাইরে তর্কাতর্কি হবেই।’
অস্ট্রেলিয়া দল: ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লিওন।








