২০১৪ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী ওই বছরের নভেম্বরে ও ২০১৫ সালের ডিসেম্বরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের রাজনৈতিক বৈরিতায় সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু এজন্য যে আর্থিক ক্ষতি হয়েছে, সেটার দাবি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আইসিসির কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছে পাকিস্তানের বোর্ড। সেখানে ভারতীয় বোর্ডের কাছে ৭ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি।
ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ হয়নি গত ১০ বছর। তিন বছর আগে একটি সমঝোতা চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। দুই বছর পার হয়ে গেলেও এখনও দুই দলের মুখোমুখি হওয়ার ব্যাপারে কোনও সুরাহা হয়নি। গত মে মাসে একটি নোটিশ বিসিসিআই’র কাছে পাঠিয়ে প্রত্যাখ্যাত হয় পিসিবি। এবার তারা আইসিসির কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ করলো।
গত দুই বছরে দুটি সিরিজ না হওয়ার কারণে পাকিস্তানের ৭ কোটি ডলার ক্ষতিপূরণ দাবির কথা নিশ্চিত করেছেন আইসিসির মুখপাত্র। বিরোধ নিষ্পত্তির নোটিশের পরবর্তী ধাপ কী হবে, সেটা জানালেন তিনি, ‘পিসিবির আইনজীবীদের কাছ থেকে আইসিসি বিরোধ নিষ্পত্তির নোটিশ পেয়েছে। আগামী সপ্তাহে বিরোধ নিষ্পত্তি কমিটির সভাপতির কাছে এটা পাঠানো হবে।’







